ছলাৎ ছলাৎ হেঁইও হেঁইও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাইচ শুরুর সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে পড়েছেন প্রতিযোগীরা। গতকাল দুপুরে খুলনার রূপসা নদীর ১ নম্বর কাস্টম ঘাট থেকে তোলা ছবি l প্রথম আলো
বাইচ শুরুর সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে পড়েছেন প্রতিযোগীরা। গতকাল দুপুরে খুলনার রূপসা নদীর ১ নম্বর কাস্টম ঘাট থেকে তোলা ছবি l প্রথম আলো

বাঁশি-কাঁসা-করতালের তালে তালে বইঠার ছলাৎ ছলাৎ আর মাল্লাদের কোরাস ‘হেঁইও...হেঁইও’। সব ছাপিয়ে ভেসে আসছিল রূপসা নদীর দুই পাড়ে লাখো মানুষের হর্ষধ্বনি।
বাইচের নৌকার পাশাপাশি ধোঁয়া ছেড়ে রূপসা নদীর আকাশ কালো করে এগোচ্ছিল ইঞ্জিনচালিত নৌকাও। সেসব নৌকার যাত্রীরাও মেতে উঠেছিলেন উল্লাসে। সব মিলিয়ে গতকাল শনিবারটা ছিল খুলনাবাসীর জন্য অন্য রকম এক আনন্দঘন দিন।
গ্রামীণফোনের আর্থিক সহায়তায় খুলনা নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র গতকাল এই বাইচের আয়োজন করে। বাইচ শুরুর আগেই রূপসা সেতুসহ নদীর দুই তীর মানুষে ভরে যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই ভিড় বাড়তে থাকে। বেলা দুইটার দিকে রূপসা নদীর ১ নম্বর কাস্টম ঘাট থেকে প্রতিযোগিতা শুরু হয়ে খানজাহান আলী সেতু এলাকায় গিয়ে শেষ হয়। দুপুরে কাস্টম ঘাটে প্রধান অতিথি হিসেবে বাইচের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ। এর আগে বাইচ উপলক্ষে বেলা ১১টায় নগরের ময়লাপোতা মোড় থেকে শোভাযাত্রা বের করা হয়।
বাইচের পর রূপসা সেতুর পশ্চিম পাড়ে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নৃত্য, বাউল ও আধুনিক গান পরিবেশন করা হয়। এবারের প্রতিযোগিতায় বড় নৌকা গ্রুপে অংশ নিয়েছে ১৮টি বড় নৌকা এবং ছোট নৌকা গ্রুপে অংশ নিয়েছে আটটি।