ছাঁচি লাউয়ের বাম্পার ফলন, দামও বেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্তীর্ণ সবুজ মাঠ। খেতের পর খেতজুড়ে লাউগাছ। বাতাসে দোল খাওয়া এসব লাউগাছের নিচে ঝুলে আছে শত শত ছাঁচি লাউ। আকারে লম্বা ও দেখতে সবুজ এ লাউয়ের এবার রেকর্ড ফলন হয়েছে বগুড়ায়। ভালো ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ায় এবার প্রচণ্ড খুশি এখানকার লাউচাষিরা।উত্তরের বৃহত্তর সবজির পাইকারি বাজার বগুড়ার মহাস্থান হাটে মৌসুমের শুরু থেকেই ছাঁচি লাউয়ের ব্যাপক আমদানি ঘটেছে। আড়তদারেরা জানান, এবার প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ হাজার লাউ কেনাবেচা হয়েছে মহাস্থান হাটে। তবে মৌসুম শেষ হয়ে আসায় এখন আমদানি কিছুটা কমেছে। এখন সপ্তাহের প্রতি হাটবারেই এ লাউ কেনাবেচা হচ্ছে। পাইকারেরা এসব লাউ কিনে নিয়ে যাচ্ছেন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দাবি করছে, লাউয়ের ফলন ও দাম বিগত বছরের রেকর্ড ছাড়িয়েছে। গত শুক্রবার মহাস্থান পূর্বপাড়া, গোকুল, চিঙ্গাশপুর, খামারপাড়া ও মুরাদপুর মাঠ ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠজুড়ে লম্বা লাউয়ের চাষ। প্রতি হাটবার সকালে চাষিরা দল বেঁধে খেত থেকে লাউ তোলার কাজে ব্যস্ত থাকেন। পরে এগুলো ভ্যানে করে নেওয়া হচ্ছে মহাস্থান হাটে।খামারপাড়ার লাউচাষি সুলতান মিয়া বলেন, ‘১৬ শতক জমিতে লাউ চাষ করিচি। ৮০০ টেকার মতো খরচ হচে। খেত থেকে এ পর্যন্ত ৭০০ লাউ তুলে হাটে বেচে দিচি। মৌসুমের শুরুর দিকে দাম কিছুটা কম পেলেও বর্তমানে ১০০টি লাউ বিক্রি করে দেড় হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত পাচ্ছি।’ মহাস্থান হাটের সবজির বেপারি রফিকুল ইসলাম জানান, এক মাস ধরে এ বাজারে ছাঁচি লাউয়ের প্রচুর আমদানি হচ্ছে। আমদানি বেশির কারণে মৌসুমের শুরুতে পাইকারি বাজারে ১০০টি লাউয়ের দাম ছিল ৭০০ থেকে ৮০০ টাকা। দুই সপ্তাহের ব্যবধানে বর্তমানে ১০০টি লাউ বিক্রি হচ্ছে দেড় হাজার টাকারও বেশি দরে। পাইকারি সবজি ব্যবসায়ী বাচ্চু মিয়া জানান, রোজার মধ্যে বাজারে সবজির প্রচুর সরবরাহ ও আমদানি ছিল। আমদানি বেশি থাকার পাশাপাশি ঢাকার কারওয়ান বাজারে এ লাউয়ের চাহিদা ছিল কম। ফলে কম দামে লাউ কেনাবেচা হয়েছে। ঈদের পর বাজারে সব সবজির চাহিদা বেড়েছে। ঢাকার বাজারে লাউয়ের কদর বেড়েছে অন্য রকম। ঢাকায় চাহিদা বেড়ে যাওয়ার পাশাপাশি উৎপাদন হওয়া এলাকার বাজারে লাউয়ের সরবরাহ কমেছে। ফলে দুই সপ্তাহ আগের চেয়ে বর্তমানে দ্বিগুণ দামে লাউ কেনাবেচা হচ্ছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ বজলুর রশীদ প্রথম আলোকে জানান, জেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে এবার লাউয়ের চাষ হয়েছে। দাম ও ফলন দুটোই ভালো পাওয়ায় কৃষকেরা খুশি। বগুড়ার কৃষকদের উৎপাদিত লাউ মহাস্থান পাইকারি আড়ত থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশের বাজারে যাচ্ছে।