ছাঁটাই আতঙ্কে বিক্ষোভ কারখানা শ্রমিকদের
ময়মনসিংহের ভালুকা উপজেলার জমিরদিয়া এলাকায় একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা ছাঁটাই আতঙ্কে ভুগছেন। এ পরিস্থিতিতে তাঁরা গতকাল বুধবার কারখানার সামনে বিক্ষোভ করেন।
পুলিশ, শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বাদশা গ্রুপ অব কোম্পানির একটি প্রতিষ্ঠান পাইওনিয়ার সোয়েটার কারখানা। কারখানাটিতে বর্তমানে এক হাজার শ্রমিক কাজ করেন। প্রায় ১০ বছর আগে শুরুর দিকে এখানে পাঁচ হাজার শ্রমিক ছিলেন। শ্রমিকদের অভিযোগ, অন্য কারখানায় বদলির কথা বলে ক্রমে শ্রমিক ছাঁটাই করছে কারখানা কর্তৃপক্ষ। শীত মৌসুমে সোয়েটারের কাজ না থাকায় শ্রমিকদের মূল বেতনের বিনিময়ে কাজ করতে বলে কর্তৃপক্ষ। ২৬ জানুয়ারি চলতি মাসের বেতন দিয়ে একই গ্রুপের অন্য একটি প্রতিষ্ঠানে অনেক শ্রমিককে বদলি করা হবে বলে ঘোষণা করে কর্তৃপক্ষ। কিন্তু শ্রমিকেরা বদলির বিষয়টিকে ছাঁটাইয়ের কৌশল মনে করে আতঙ্কে ভুগছেন। তাঁদের আশঙ্কা, কর্তৃপক্ষ বদলির নামে কর্মী ছাঁটাই করবে। তাই এই বদলির সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়ে শ্রমিকেরা গতকাল সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত কারখানার সামনে বিক্ষোভ দেখান। এ সময় তাঁরা চলতি মাসের বেতন পরিশোধের দাবিতে স্লোগান দেন। না প্রকাশ না করার শর্তে বাদশা গ্রুপ অব কোম্পানির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মাত্র দেড় কিলোমিটার দূরে বাদশা গ্রুপের আরেকটি কারখানায় শ্রমিকদের বদলি করা হবে। ছাঁটাইয়ের বিষয়টি শ্রমিকদের ভুল বোঝানো হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ বলেন, পুলিশের উপস্থিতিতে অনেক শ্রমিককে বেতন দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে শ্রমিকেরা চলে যান।