ছাঁটাই ও বদলির প্রতিবাদে পলাশে শ্রমিকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর পলাশে ছাঁটাই ও বদলির প্রতিবাদে দুটি সার কারখানার শতাধিক অস্থায়ী ও স্থায়ী শ্রমিকের অংশগ্রহণে মানববন্ধন হয়েছে, বেলা ১১টায় ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার প্রধান ফটকের সামনে
ছবি: প্রথম আলো

নরসিংদীর পলাশে ছাঁটাই ও বদলির প্রতিবাদে দুটি সার কারখানার শতাধিক অস্থায়ী ও স্থায়ী শ্রমিকের অংশগ্রহণে মানববন্ধন হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।
সার কারখানা দুটি হলো ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা ও পলাশ ইউরিয়া সার কারখানা।

ওই কারখানা দুটির দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের ছাঁটাই এবং স্থায়ী শ্রমিকদের হয়রানিমূলক বদলি বন্ধের দাবি করা হয় মানববন্ধনে। এ সময় অবিলম্বে শ্রমিকদের ছাঁটাই ও বদলির কার্যক্রম বন্ধের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয় এবং আগামী তিন দিনের মধ্যে দাবি মানা না হলে, আগামী রোববার থেকে আরও কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়।

বক্তারা বলেন, ১৯৬৮ সাল থেকে ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা ও ১৯৮১ সাল থেকে পলাশ ইউরিয়া সার কারখানার উৎপাদন শুরু হয়। তখন থেকেই দৈনিক মজুরিভিত্তিক অস্থায়ী শ্রমিক ও স্থায়ী শ্রমিকেরা নিরলস পরিশ্রম করছেন। তবে ২০১৯ সালের ২ জুলাই থেকে মেগা প্রকল্পের নামে সার কারখানা দুটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এত দিন উৎপাদন বন্ধ থাকলেও মেগা প্রকল্পে কাজ করছিলেন কারখানা দুটির অস্থায়ী ও স্থায়ী শ্রমিকেরা। কিন্তু সম্প্রতি দৈনিক মজুরিভিত্তিক অস্থায়ী শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে ও স্থায়ী শ্রমিকদের অন্য সার কারখানায় হয়রানিমূলক বদলি করা হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য দেন সার কারখানাটির সিবিএ সভাপতি মো. আমিনুল হক ভূঁইয়া, সহসভাপতি মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, জাতীয় শ্রমিক লীগের ঘোড়াশাল-পলাশ অঞ্চলের সাধারণ সম্পাদক চন্দন কুমার প্রমুখ।
ঘোড়াশাল সার কারখানার সিবিএ সভাপতি মো. আমিনুল হক ভূঁইয়া বলেন, বর্তমানে কারখানা দুটির অস্থায়ী ও স্থায়ী শ্রমিকেরা চাকরি হারালে তাঁদের পরিবার–পরিজন নিয়ে দাঁড়ানোর জায়গাও নেই। এমনকি অনাহারে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও থাকবে না। এমন সিদ্ধান্ত অমানবিক ও অযৌক্তিক।

এ বিষয়ে জানতে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা মেগা প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মো. রাজিউর রহমান মল্লিকের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তিনি কল না ধরায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।