ছাঁটাই হওয়া কর্মীদের নিয়ে আবার সংকটে বিমান
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে স্বেচ্ছা অবসর কর্মসূচিতে (ভিআরএস) ছাঁটাই হওয়া কর্মীদের নিয়ে আবার সংকটে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ ক্ষেত্রে আদালতের রায় মানা হচ্ছে না বলেও বিমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। হাইকোর্টে আদালত অবমাননার আটটি মামলাও দায়ের করেছেন সংশ্লিষ্ট কর্মীরা।চাকরির মেয়াদ ২৫ পূর্ণ হয়নি, এমন কর্মীদের ২০০৭ সালে ভিআরএসের মাধ্যমে অবসর প্রদানকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে এসব কর্মীর চাকরি বহাল আছে মর্মে রায় দেন আদালত।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত তৎকালীন হাইকোর্ট বেঞ্চ ২০১২ সালের ৮ মে রায় দেন। ১৪ আগস্ট হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে এবং এর পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিমান কার্যালয়ে গিয়ে প্রায় ১০০ কর্মী চাকরিতে যোগদানপত্র জমা দেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, চাকরির মেয়াদ ২৫ বছরের কম, ভিআরএসের নামে চাকরি হারিয়েছেন, এমন কর্মীর সংখ্যা ৪৩২ জন। এমন একাধিক কর্মী প্রথম আলোকে বলেন, বিমানের চাকরি বিধিমালার ১১(১) ধারা অনুযায়ী ২৫ বছর পূর্ণ না হলে চাকরি থেকে অবসর নেওয়া বা দেওয়া যায় না। কিন্তু বিমান এই বিধিমালা লঙ্ঘন করেছে, যা আদালতে প্রমাণিত হয়েছে। এখন আদালতের রায় অনুযায়ী তাঁদের চাকরি চলমান বলে প্রতিষ্ঠিত হওয়ায় তাঁরা ১০০ জন গতকাল যোগদানপত্র দিয়েছেন। অন্যরাও পর্যায়ক্রমে দেবেন।এসব কর্মীকে চাকরিতে বহাল করানো নিয়ে কর্তৃপক্ষ সংকটে পড়েছে বলে প্রথম আলোকে বলেছেন বিমানের পরিচালক (প্রশাসন) রাজপতি সরকার। তিনি বলেন, বিমান কর্তৃপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। তবে বিমানের আইন শাখার একটি সূত্র জানায়, এর আগে বিমানের বর্তমান পরিচালক (পরিকল্পনা) মাজহারুল হক একই রকম মামলায় রায় পান। তখন তাঁর যোগদান ঠেকাতে বিমান সুপ্রিম কোর্টে আপিল করে। কিন্তু আপিলেও বিমান হেরে যায়, এরপর পরিচালক পদে তিনি যোগ দেন।বিমানকে কোম্পানি করার আগে ২০০৭ সালের জুনে ভিআরএস কর্মসূচির আওতায় প্রতিষ্ঠানের এক হাজার ৮৬২ জন কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করা হয়। ভুক্তভোগীরা তখনই অভিযোগ করেছিলেন, তাঁরা কেউ স্বেচ্ছায় চাকরি ছাড়েননি। তাঁদের বাধ্য করা হয়েছে। এসব কর্মীর অনেকে তত্ত্বাবধায়ক সরকারের কাছেও একই অভিযোগ তুলে চাকরি ফিরে পাওয়ার জন্য আবেদন করেন। এরপর এক হাজার ১২৯ জন কর্মী চাকরি ফিরে পেতে হাইকোর্টে রিট করেন।গত বছরের ৪ মার্চ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আবদুর রবের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি বেঞ্চ এ-সংক্রান্ত এক রিটের নিষ্পত্তি করে রায় দেন। তাতে বিমানের অনুমোদিত জনবল কাঠামোর মধ্যে তখন যে ৬০৮টি শূন্য পদ ছিল, সেসব পদে রিট আবেদনকারীদের নিজ নিজ পদে বিজ্ঞাপন দিয়ে নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ওই নির্দেশ না মানায় গত বছরের ২২ জুলাই বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) চার কর্মকর্তাকে তলব করেন আদালত। এরপর বিমানের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সময় চাওয়া হয়। আদালত ৯৭ দিন সময় দেন। এরপর আরও এক দফা সময় নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত বিমান আদালতের নির্দেশ পুরোপুরি মানেনি। ৬০৮টি পদের মধ্যে মাত্র ১৬০ জনকে নিয়োগ দেওয়া হয়। এরপর আদালত অবমাননার অভিযোগে বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে আটটি আবেদন করেন ১৫০ জন কর্মী, যা এখন আদেশের অপেক্ষায় আছে।