ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ, কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার তেলিপাড়া এলাকায় ছাঁটাইয়ের প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে এস কে ক্রিস্টাল সেলসিয়াস নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এক কর্মকর্তার অপসারণসহ বিভিন্ন দাবিতে তাঁরা এ বিক্ষোভ করেন। কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, প্রশাসনিক কর্মকর্তা মো. রাইসুল আলমকে অপসারণের দাবিতে শ্রমিকেরা সকাল আটটার দিকে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা সকাল ১০টার দিকে কারখানার পার্শ্ববর্তী  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের সরিয়ে দেয়। পরে তাঁরা মিছিল নিয়ে এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে দেখা করার উদ্দেশে কারখানা এলাকা ছাড়েন। কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানায় ছুটি ঘোষণা করে।

 গতকাল সোমবার এক বৈঠকে বসে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠনের (বিজিএমইএ) নেতারা ও কারখানা কর্তৃপক্ষ ছাঁটাইকৃত ১৬ জন শ্রমিকের পাওনা পরিশোধ করেন। এ ছাড়া ওই কারখানার প্রশাসনিক কর্মকর্তা রাইসুল আলমের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শ্রমিকেরা গতকালের মধ্যেই রাইসুল আলমকে বরখাস্ত করার দাবিতে আন্দোলন শুরু করেন। এ অবস্থায় কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দেয়। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কারখানার নিটিং অপারেটর মশিউর রহমান জানান, বিভিন্ন দাবিতে তাঁরা ১৭ আগস্ট থেকে কর্মবিরতি করছেন। কারখানায় গিয়ে বন্ধের নোটিশ দেখে তাঁরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে তাঁরা মিছিল নিয়ে প্রথমে মেয়রের গ্রামের বাড়ি যান। সেখানে তাঁকে না পেয়ে শ্রমিকেরা মেয়রের কার্যালয়ে যান।

এদিকে দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের কাছে দাবি জানালে তিনি বলেন, ‘আমি বিষয়টি দেখব, যা হওয়ার নিয়ম অনুযায়ীই হবে।’

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।