ছাঁটাইয়ের প্রতিবাদে কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরের বাড়ইপাড়া এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করেন।
শিল্প পুলিশ, শ্রমিক ও কারখানা সূত্রে জানা যায়, উপজেলার বাড়ইপাড়া এলাকার হেসং বিডি লিমিটেডের শ্রমিকেরা গত রোববার সকালে কারখানায় যান। তবে ফটকের নিরাপত্তাকর্মীরা তাঁদের ঢুকতে দেননি। এ সময় কারখানার মূল ফটকে শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ দেখতে পান শ্রমিকেরা। নোটিশে ১ হাজার ৬৯১ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। ছাঁটাইয়ের বিষয়টি আগে না জানানোয় ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা। এ সময় শ্রমিকেরা তাঁদের পাওনা পরিশোধের দাবি জানালে গতকাল বেলা ১১টার দিকে তাঁদের আসতে বলে কারখানা কর্তৃপক্ষ। সে অনুযায়ী গতকাল সকালে শ্রমিকেরা কারখানায় যান। তবে পাওনা পরিশোধে কারখানা কর্তৃপক্ষ নানা টালবাহানা শুরু করে। একপর্যায়ে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে বলে কর্তৃপক্ষ জানায়। কিন্তু শ্রমিকেরা তাতে অস্বীকৃতি জানিয়ে কারখানার মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে কারখানা কর্তৃপক্ষ শিল্প পুলিশে খবর দেয়। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে অবস্থান নেয় এবং শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চালায়।
হেসং বিডি লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) দুলাল চন্দ বলেন, কারখানার উৎপাদন কমে যাওয়ায় ১ হাজার ৬৯১ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাইকৃত শ্রমিকদের সব পাওনা দিতে চাইলেও তাঁরা নিচ্ছেন না। এ নিয়ে শ্রমিকেরা কারখানার সামনে বিশৃঙ্খলা করছেন।
গাজীপুর শিল্প পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, বিনা নোটিশে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ ছাড়া শ্রমিকদের পাওনা নিয়ে শ্রমিক-মালিক-পুলিশ বৈঠক হয়েছে। দ্রুত বিষয়টির সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।