ছাঁটাইয়ের প্রতিবাদে পোশাকশ্রমিকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার বেরন এলাকার ইয়াগি বাংলাদেশ নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সোমবার কর্মবিরতি পালন করেন। বকেয়া বেতন ও ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালের দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কারখানাটির মালিকানা পরিবর্তন হওয়ার পর ব্যয় কমাতে মালিকপক্ষ ২৫ জন শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী, কারখানার মূল ফটকে তাঁদের ছাঁটাইয়ের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। গতকাল সকালে শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে কারখানার মূল ফটকে সহকর্মীদের ছাঁটাই নোটিশ দেখে ক্ষুব্ধ হন। এরপর শ্রমিকেরা কারখানার ভেতরে গিয়ে ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল এবং গত মাসের অর্ধেক বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ করে বসে থাকেন। পরিস্থিতি স্বাভাবিক করতে শিল্প পুলিশের কর্মকর্তারা গতকাল দুপুরের পর শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে আজ মঙ্গলবার বেতন পরিশোধের সিদ্ধান্ত হলেও ছাঁটাই করা শ্রমিকদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠকের পর বিকেল পাঁচটার দিকে কারখানাটি ছুটি দেওয়া হয়।