ছাঁটাইয়ের প্রতিবাদে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
ছাঁটাইয়ের প্রতিবাদ, মজুরি বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন।
শ্রমিক ও কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে উপজেলার পূর্ব চান্দরা মাটিকাটা এলাকার দেইয়্যু বাংলাদেশ লিমিটেডের ৩ নম্বর ইউনিটে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। কারখানার শ্রমিকেরা মজুরি বৃদ্ধি, কাজ না থাকলেও মূল বেতন দেওয়াসহ কয়েক দফা দাবি জানিয়ে আসছিলেন। এসব দাবি করায় ২৩ মে কারখানার প্রশাসনিক কর্মকর্তা আবদুল গনি কালিয়াকৈর থানায় ১৯ জন শ্রমিকের নামে মামলা করেন। পরদিন কর্তৃপক্ষ ২৫ জন শ্রমিককে ছাঁটাই করে। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওই দিন থেকেই কর্মবিরতি পালন শুরু করেন। প্রতিদিনের মতো গতকাল সকালে শ্রমিকেরা কারখানার ভেতরে যান। এ সময় তাঁরা কাজে যোগ না দিয়ে কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেন। পরে শ্রমিকেরা মামলা প্রত্যাহার, ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালসহ বিভিন্ন দাবি জানান। এতে কর্তৃপক্ষ সাড়া না দেওয়ায় সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকেরা কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ করেন। সোয়া ১০টার দিকে গাজীপুরের শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে।