ছাই কারখানা অপসারণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বন্দরের কাছে গৌরাইল গ্রামে স্থাপন করা ছাই তৈরির কারখানা অপসারণের দাবিতে এলাকার মানুষ গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।গতকাল সকাল ১০টায় এলাকার মানুষ ভোজেশ্বর বন্দরে বিক্ষোভ মিছিল এবং পরে সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কারখানাটির সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচিতে মশুরা, গৌরাইল, সিলংগর ও জপসা গ্রামের মানুষ অংশ নেয়।স্থানীয় সূত্র জানায়, ২০১১ সালে হুয়াদি অ্যাডভান্স মেটেরিয়ালস নামের একটি প্রতিষ্ঠান গৌরাইল গ্রামে পাটকাঠি পুড়ে ছাই তৈরির কারখানা স্থাপন করে। কারখানার মালিক চীনের বাসিন্দা। কারখানায় ১০টি চুল্লির মাধ্যমে পাটকাঠি পুড়ে ছাই তৈরি করা হয়। চুল্লিগুলোতে প্রতিদিন ১৬ ঘণ্টা আগুন জ্বলে। এ সময় কালো ধোঁয়ায় আশপাশের গ্রামগুলো অন্ধকার হয়ে যায়। একটি চুল্লিতে প্রতিদিন আট টন করে পাটকাঠি পোড়ানো হয়। পোড়ানোর পর ছাইগুলো বস্তায় ভরে চীনে পাঠানো হয়।গৌরাইল গ্রামের মাসুম মকদম বলেন, ‘কারখানার কালো ধোঁয়ার কারণে আশপাশের কৃষিজমিতে ফসল উৎপাদন কমে গেছে। গাছপালা মরে যাচ্ছে। শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্টসহ নানা ধরনের রোগ দেখা দিচ্ছে। আমাদের দাবি কারখানাটি জনবসতি এলাকা থেকে সরিয়ে নেওয়া হোক।’হুয়াদি অ্যাডভান্স মেটেরিয়ালসের ব্যবস্থাপক উজ্জ্বল শরিফ বলেন, ‘এলাকার মানুষের আপত্তির কারণে উৎপাদন-প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। জনস্বাস্থ্যের ক্ষতি না হয়, এমন পদ্ধতিতে উৎপাদন শুরু করার বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’