ছাইয়ের কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ
পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ‘চরমিরকামারি পশ্চিমপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ ও ‘ভাষা শহীদ বিদ্যানিকেতন’-এর সহস্রাধিক শিক্ষার্থী ছাইয়ের কারণে দুর্ভোগ পোহাচ্ছে।ভাষা শহীদ বিদ্যানিকেতনের সপ্তম শ্রেণীর ছাত্রী সীমা খাতুন বলে, ‘একটু বাতাস হলেই ছাই উড়ে এসে আমাদের চোখ-নাক-মুখে ঢোকে। টেবিল, বেঞ্চ, বই-খাতাপত্র ও জামা-কাপড় কালিতে ভরে যায়।’ একই শ্রেণীর উপমা বলে, ‘গ্রীষ্মকালে ঝড়-তুফানের সময় সবচেয়ে বেশি অসুবিধা হয়। আমরা ছোট্ট মানুষ, তাই আমাদের কষ্টের কথা কেউ শুনতে চায় না।’প্রধান শিক্ষক ইমদাদুল হক বলেন, আশপাশের চাতালের চুলার ছাই বিদ্যালয়ের পাশে ফেলে রাখা হয়েছে। সেই স্তূপ থেকে ছাই উড়ে এসে শিক্ষক-শিক্ষার্থীদের চোখে-মুখে পড়ে। এতে অনেকের চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।মিলমালিক আবদুল গাফ্ফার বলেন, ‘আমি বিদ্যালয় চলাকালে ধান সিদ্ধ করার কাজ বন্ধ রাখি। ছাই দূরে অন্য কোথাও ফেলে রাখা হয়।’ ঈশ্বরদীর ইউএনও জাকির হোসেন বলেন, এখনো এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। তবে তিনি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেবেন।