ছাইয়ের গাদায় পড়ে শিশুর মৃত্যু
নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামে গত বৃহস্পতিবার রাতে ছাইয়ের গাদায় পড়ে অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই দিন সকালে উপজেলার বনপাড়ায় একটি বাড়ির দুটি ঘর পুড়ে গেছে আগুনে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গড়মাটি গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে শুভ (৪) বন্ধুদের সঙ্গে খেলার সময় বাড়ির পাশের তামাকের ভাটার গরম ছাইয়ের গাদায় পড়ে যায়। এ সময় ছাইয়ের ভেতরের আগুনে তার সারা শরীর পুড়ে গেলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।একই দিন বেলা ১১টায় উপজেলার বনপাড়া কলাহাট-সংলগ্ন কাঁচামালের ব্যবসায়ী দেলোয়ার হোসেনের বাড়িতে আগুন লাগে। পরে স্থানীয় লোকজন ও নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাঁরা আসার আগেই বাড়ির দুটি ঘর ও যাবতীয় আসবাব পুড়ে যায়। এতে প্রায় চার লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের লোকজন জানিয়েছেন।দেলোয়ার হোসেন অভিযোগ করেন, প্রতিহিংসাবশত প্রতিবেশী সুরুজ আলী আগুন ধরিয়ে দিয়েছেন।জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুরুজ আলীকে বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক নূরে আলম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।