
দুটি ময়লা রাখার ঝুড়ি ঘিরে ভনভন করছে অজস্র মাছি। লোকজন সেখানে কলার খোসা, পানি, খাদ্যের উচ্ছিষ্ট অংশ ফেলছে। তার পাশেই যাত্রীদের বসার কংক্রিটের বেঞ্চ। কয়েকজন সেখানে বসে আছে। হাত দিয়ে মাছি তাড়াচ্ছে। দু-একজন বিরক্ত হয়ে দোকানিকে বলছে, ‘মামা, এগুলো সরাও না।’
দৃশ্যটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা এয়ারপোর্ট মোড়ে পশ্চিম পাশের একটি যাত্রীছাউনির। ছাউনির এক পাশে একটি হালকা খাবারের দোকান। ছাউনির ভেতরেই রাখা হয়েছে ময়লার ঝুড়ি। নিরুপায় যাত্রীরা এখানে বসেই বাসের জন্য অপেক্ষা করছে, বিশ্রাম নিচ্ছে।
মাছির উপদ্রবে বিরক্ত হয়ে বাসের অপেক্ষায় থাকা মোকলেসুর রহমান বলেন, ‘বাসের জন্য বসে আছি। কাজ নাই, মাছি মারতাছি।’
সরেজমিনে দেখা যায়, এয়ারপোর্ট মোড় থেকে আবদুল্লাহপুর পর্যন্ত সড়কের পূর্ব ও পশ্চিম পাশে ১৪টি যাত্রীছাউনি। এর মধ্যে পশ্চিম পাশে পাঁচটি ও পুবে এয়ারপোর্ট রেলস্টেশনের সঙ্গে আছে তিনটি যাত্রীছাউনি। দুটি ছাউনি ছাড়া সবগুলোতেই গড়ে উঠেছে স্থায়ী হালকা খাবার চায়ের দোকান। কোনো কোনো যাত্রীছাউনির বসার বেঞ্চ দখল করে বসেছে ভ্রাম্যমাণ ও অস্থায়ী খবরের কাগজ, বই ও রকমারি পণ্য বিক্রির দোকান। ফলে যাত্রীছাউনিগুলো এখন আর যাত্রীদের নেই। পরিবেশও অপরিচ্ছন্ন। যাত্রীছাউনিতে চলছে ব্যবসায়িক কর্মকাণ্ড। যাত্রীরা দাঁড়িয়ে থাকে ছাউনির আশপাশে।
যাত্রীছাউনিতে অপেক্ষারত সূচনা সরদার বলেন, ‘এগুলো কি দেখার কেউই নেই? তাহলে এসব রাখার কী দরকার? যাত্রীদের কোনো উপকারেই যদি না আসে, তাহলে যাত্রীসেবার নামে এসব ছাউনি না বানালেই ভালো হতো।’
ছাউনিগুলোয় বসে নিয়মিত বাসের অপেক্ষা করেন এমন কয়েকজন জানান, দোকানগুলোর কারণে আড্ডাবাজিই বেশি হয়। যাত্রীদের চেয়ে এলাকার লোকজনই বেশি থাকে। সন্ধ্যার পর এসব জায়গায় উদ্বাস্তুদের আড্ডা জমে ওঠে।
যাত্রীছাউনিতে দোকান বাসানো প্রসঙ্গে দোকানিদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিয়েই দোকান বসিয়েছেন। কয়েকজন বিক্রেতা জানান, তাঁরা কর্মচারী। এ ব্যাপারে কিছুই জানেন না, সবটা মালিক জানেন। দোকানিদের দেওয়া তথ্য অনুযায়ী, এয়ারপোর্ট মোড়ে মহাসড়কের পশ্চিম পাশে তিনটি যাত্রীছাউনির পাঁচটি দোকানের মালিক মো. ইউনুস। দোকানগুলো তিনি বিভিন্নজনকে ভাড়া দিয়েছেন। কোনোটা কর্মচারী রেখে চালাচ্ছেন। বিস্তারিত জানতে মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি কথা বলেননি।
যাত্রীছাউনিগুলো ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডিএনসিসির ১০০টির মতো যাত্রীছাউনি আছে। এর বেশির ভাগের ভেতর অবৈধভাবে দোকানপাট করা হয়েছে। এ নিয়ে অনেক মামলা চলছে। তবে অবৈধ দোকান উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে।