ছাউনিবিহীন ঘরে পাঠদান
২ এপ্রিল কালবৈশাখীতে উড়ে যায় খাগড়াছড়ির দীঘিনালার ১ নম্বর কবাখালী সরকারি প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের টিনশেড ঘরের ছাউনি। এর পর থেকে ছাউনিবিহীন ঘরেই চলছে দুটি শ্রেণির পাঠদান।
বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ৫৬৯। সরেজমিনে দেখা যায়, ছাউনিবিহীন দুটি কক্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান চলছে। একপর্যায়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে কিছুক্ষণের জন্য পাঠদান বন্ধ রাখা হয়। বৃষ্টি বন্ধ হলে আবার পাঠদান শুরু হয়।
বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী প্রজিতা চাকমা, আল আমিন ও সুমাইয়া আক্তার এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রেনিও চাকমা, নূর নাহার আক্তার ও মো. ইউসুফ জানায়, রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তাদের ক্লাস করতে হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান বলেন, ৬ এপ্রিল জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বিদ্যালয় পরিদর্শন করে দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ বলেন, বরাদ্দ পেলে বিদ্যালয় সংস্কার করা হবে।