ছাওয়াটা ভাসি যাওয়ার পর থাকি বুড়িটা খালি কান্দিবার নাগছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কান্নার শব্দ শোনা যাচ্ছিল কিছুটা দূর থেকেই। যিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন, তিনি বললেন, ‘ছাওয়াটা বানে ভাসি যাওয়ার পর থাকি বুড়িটা খালি কান্দিবার নাগছে।’ বেলা তখন পড়ে এসেছে। হেলে পড়া বাঁশের বেড়ার ঘরের সামনে বসে বিলাপ করে কাঁদছিলেন বৃদ্ধা মঞ্জিলা। বেশ শক্ত করেই নাতির হাত ধরে রাতের আঁধারে ছুটছিলেন মঞ্জিলা। কিন্তু ধেয়ে আসা পানির তোড়ে হাত ছুটে যায়। ভেসে যায় সাত বছরের নাতি মো. রিফাত। কোনো খোঁজ নেই তার।

পানির স্রোতে সেতুসহ সড়ক ভেঙে গেছে। ঝুঁকি নিয়ে ভেলায় যাতায়াত করছেন স্থানীয় লোকজন। ছবিটি রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের চতুর্ভুজ এলাকা থেকে তোলা।
পানির স্রোতে সেতুসহ সড়ক ভেঙে গেছে। ঝুঁকি নিয়ে ভেলায় যাতায়াত করছেন স্থানীয় লোকজন। ছবিটি রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের চতুর্ভুজ এলাকা থেকে তোলা।

মাইকে প্রচার রক্ষা করেছে প্রাণহানি
১২ আগস্ট শনিবার রাত প্রায় আড়াইটায় রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কালুয়া গ্রামটি মাত্র আধা ঘণ্টায় তছনছ করে দিয়েছে ধরলার বিধ্বংসী স্রোত। লোকজন বলছিলেন, পানির হুম হুম শব্দ শুনে তাঁরা ঘর থেকে বের হয়ে বাঁধের দিকে ছুটতে শুরু করেন। যাঁরা হাতে করে কিছু একটা নেবেন ভেবে একটু দেরি করেছেন, তাঁরা আর দৌড় দিয়েও বাঁধে উঠতে পারেননি। সরেজমিনে ঘুরে দেখার সময় গত শনিবার এই গ্রামের তরুণ কুড়িগ্রাম ডিগ্রি কলেজের উদ্ভিদবিজ্ঞান সম্মানের ছাত্র রাশেদুল ইসলাম বললেন, সবকিছু যেন চোখের পলকে ঘটে যায়। তবে তিনি, আবু মুসা, জয়নাল আরও কয়েক জন মিলে বাজারের মাইকের দোকান থেকে মাইক বের করে ঘোষণা দিতে থাকেন কোনো কিছু না নিয়ে দৌড়ে বাঁধে চলে আসার জন্য। যাঁরা আসতে পারেননি, তাঁরা যে যেখানে আছেন, বাড়ির ছাদে বা বাঁশঝাড়, গাছের ডালে সেখানেই যা পাওয়া যায়, তা শক্ত করে যেন ধরে থাকেন। ঘণ্টা খানেকের মধ্যেই পানির তোড় একটু শান্ত হয়। তাঁরা গ্রামের লোকদের কয়েকটি দলে ভাগ করে ঘাটের নৌকা নিয়ে বেরিয়ে পড়েন ভেসে যাওয়া লোকদের তুলে আনতে। অনেকে প্রায় দুই-আড়াই কিলোমিটার পর্যন্ত দূরে ভেসে গিয়েছিলেন। শিশু, নারী, বৃদ্ধসহ অন্তত ৭০-৮০ জন ভেসে যাওয়া লোককে তাঁরা তুলে আনেন। তাৎক্ষণিকভাবে সম্মিলিত উদ্যোগ নেওয়ায় প্রাণহানির ঘটনা বেশি ঘটেনি। ফাতেমা বেগম নামের এক গৃহবধূ মারা গেছেন আর নিখোঁজ হয়েছে রিফাত নামের এক শিশু।

রিফাতের নানির পাশেই বসে ছিলেন ওর মা রাশিদা বেগম। ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। রিফাত নানির কাছেই থাকত। ঘটনার দিন নানি-নাতি হাত ধরাধরি করে ছুটছিলেন। বাঁধে পৌঁছানোর আগেই তাঁরা পানির স্রোতে পড়েন। নানি মঞ্জিলা একটা গাছ ধরে ছিলেন। দুর্ভাগ্য গাছটিও উপড়ে যায়। ছাড়াছাড়ি হয়ে যায় তাঁদের দুজনের। প্রায় দেড় কিলোমিটার দূরে চতুর্ভুজ গ্রাম থেকে ভেসে যাওয়া মঞ্জিলাকে নৌকায় তুলে নেন গ্রামের ছেলেরা। রিফাতকে আর পাওয়া যায়নি।

মা কইল তোরা যা, মুই চাউলের টোপলা ধরি আইসম
লাবণি পড়ে তৃতীয় শ্রেণিতে। দাদি মালেকা বেওয়ার পাশে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলছিল ‘মা কইল তোরা যা, মুই চাউলের টোপলা ধরি আইসম’। সেদিন রাতে লাবণি আর তার বড় ভাই পঞ্চম শ্রেণি পড়ুয়া রাসেলকে তাদের বাবা লোকমানের সঙ্গে দৌড় দিতে বলে ঘর থেকে কিছু চাল ব্যাগে ভরে নিয়ে যাওয়ার জন্য একটু দেরি করেছিল তাদের মা ফাতেমা বেগম। কিন্তু চালের ব্যাগ নিয়ে ফাতেমা আর বাঁধে উঠতে পারেননি। যে পাকা সড়ক দিয়ে তিনি ছুটছিলেন সেই সড়কটি তাঁকেসহ ধসে পড়ে। ঘটনার তিন দিন পরে মঙ্গলবার ওই খাদের পাশেই উপড়ে পড়া গাছগাছালির শিকড়ে আটকে থাকা ফাতেমার লাশ উদ্ধার করা হয়।

ধরলা যেন বদলেছে তার গতিপথ
গত শনিবার বিকেলে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কালুয়া, সাতকালুয়া, চতুর্ভুজ, জয়কুমার গ্রামগুলোতে গিয়ে ধ্বংসের ভয়াবহতায় স্তম্ভিত হয়ে যেতে হয়। মূল ধরলা নদী এই গ্রামগুলো থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তরে। গ্রামগুলোর উত্তর পাশেই ওয়াপদার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বাঁধ তৈরির মাটি তোলার জন্য পাশেই একটি সরু খালের সৃষ্টি হয়েছে। বাঁধের ভেতরে অর্থাৎ দক্ষিণ দিকে একটু নিচু জমি। পাকা সড়ক। কালুয়া বাজার। বাঁধের ফলে এদিকে তেমন বন্যা হয় না।
স্থানীয় বাসিন্দা সারুদ্দিন মিস্ত্রি, ওমর আলী, আবদুল হামিদ, ইউসুফ আলীসহ অনেকে জানালেন, ১২ আগস্ট রাত প্রায় আড়াইটার দিকে ধরলার পানি প্রচণ্ড বেড়ে খালে প্রবেশ করে সাতকালুয়া গ্রামের কাছে বাঁধের বিরাট অংশ ধসিয়ে দিয়ে এই গ্রামগুলোর ওপর দিয়ে ছুটতে থাকে। কালুয়া কমিউনিটি ক্লিনিকের পাকা ভবনসহ গ্রামের অর্ধশত টিনের ঘর ও ছয়টি পাকাবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়। গ্রামের ভেতর মাটির সড়কগুলো নিশ্চিহ্ন। সারা গ্রামে পুকুর ডোবার মতো গর্ত। তাতে পানি আটকে আছে। অজস্র গাছ পালা আর অনেক বাঁশঝাড় এখনো উপড়ে আছে। গ্রামের ভেতর পায়ে হেঁটে চলাই মুশকিল। এই গ্রামের পাশেই জয়কুমার আবাসনে ছিল চার শ পরিবার। পুরো আবাসন লন্ডভন্ড। বাঁধ ভেঙেছে তিনটি জায়গায়। এই ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করেই রাজার হাট ও ফুলবড়ি ও কুড়িগ্রাম জেলা প্লাবিত করেছে।
কালুয়া বাজার থেকে গ্রামের ভেতরে যে পাকা সড়কটি চলে গেছে সেখানে প্রায় দেড় শ হাত চওড়া অংশ ধসিয়ে নদীর মতো স্রোত বয়ে যাচ্ছে। তার ভেতর দিয়ে ট্রলার যাতায়াত করছে। জায়গাটি পার হওয়ার জন্য রীতিমতো খেয়া নৌকা চালু হয়েছে। এখানে নদীতো দূরের কথা, কোনো খালই ছিল না। একটি পুকুর ছিল। তাতে মাছ চাষ করেছিলেন স্থানীয় বাসিন্দারা সমবায় ভিত্তিতে। এখন অবস্থা দেখে মনে হয় ধরলা নদী গতিপথ বদলে এই নতুন খাতে প্রবাহিত হয়েছে।

বন্যার পানির তোড়ে বাঁধ ভেঙে যাওয়ায় চলাচলের জন্য স্থানীয় লোকজন ভাসমান সাঁকো তৈরি করছেন। সাঁকো তৈরিতে ব্যবহার করা হচ্ছে ড্রাম ও বাঁশ। ছবিটি রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কালুয়া এলাকা থেকে তোলা।
বন্যার পানির তোড়ে বাঁধ ভেঙে যাওয়ায় চলাচলের জন্য স্থানীয় লোকজন ভাসমান সাঁকো তৈরি করছেন। সাঁকো তৈরিতে ব্যবহার করা হচ্ছে ড্রাম ও বাঁশ। ছবিটি রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কালুয়া এলাকা থেকে তোলা।

পানির চাপ ছিল স্মরণকালের ভয়াবহ
সাত কালুয়ার করিম বাদশা, জাবেদ আলী, দানেশ মাস্টারের পাকা বাড়ি ভেঙে গেছে। আছিয়া খাতুনের দুটি টিনের ঘরের চিহ্ন নেই। তিনি বললেন, ‘মোর আছে খালি চার হাত-পাও।’ কালুয়া চরের আবদুল খালেক আর তাঁর স্ত্রী মনজিলা দুজনেই ভেসে গিয়েছিলেন। খালেক সাঁতরে বাঁধে উঠেছেন। মনজিলাকে উদ্ধার করেছে স্থানীয় ছেলেরা। তাঁরা সবই অভিযোগ করছিলেন, এই ওয়াপদার বাঁধটি গত বছর থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। তারা বারবার বলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নিজেরাই ঝুঁকির জায়গাগুলোতে বালির বস্তা ফেলে গতবার বাঁধ রক্ষা করেছিলেন। এবার সেই জায়গাগুলোতেই বাঁধ ভেঙেছে।
এ ব্যাপারে পাউবোর নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, গত জুলাই মাসে বাঁধের কয়েকটি জায়গায় ধস সৃষ্টি হয়েছিল। তাঁরা সেগুলো মেরামত করেছেন। কিন্তু এবার পানির উচ্চতা ও চাপ ছিল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ। বাঁধ এই চাপ নিতে পারেনি।

১৫০ হাত বাঁশের সেতু
কালুয়া ও আশপাশের গ্রামের উদ্যমী তরুণেরা মিলে সড়ক ভেঙে প্রবাহিত নদী অথবা খাল যা-ই বলা হোক না কেন, তার ওপর বাঁশের সেতু তৈরির কাজে লেগে পড়েছেন। তাদের একজন আবদুল খালেক জানালেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন ২৫টি ড্রাম দিয়েছেন। গ্রামবাসী দিয়েছেন ১০০ বাঁশ, আর যে যা পারেন নগদ টাকা। ড্রামগুলো জোড়া দিয়ে তার ওপর বাঁশের পাটাতন বিছিয়ে ভাসমান সেতু তৈরি করছেন তাঁরা। কাজ প্রায় শেষ। বিকেলে সেতু আর গ্রামের অবস্থা দেখতে এসেছিলেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম। চেয়ারম্যান হাশেম প্রথম আলোকে বললেন, উপজেলায় প্রায় আট-নয় হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে ছিনাই ইউনিয়নেই ক্ষতিগ্রস্তের সংখ্যা বেশি। সরকারের চলমান ‘আশ্রয়ণ-২’ প্রকল্পে গৃহহীনদের ঘর তৈরির জন্য এক লাখ করে টাকা দেওয়া হয়। তিনি চেষ্টা করছেন, যাঁদের বাড়ি হারিয়েছেন, তাঁদের এই প্রকল্পের আওতায় আনতে।


জলমগ্ন চিলমারী
বিখ্যাত ভাওয়াইয়া গানের সেই চিলমারি এখন জলমগ্ন। ব্রহ্মপুত্রের পানিতে চিলমারী উপজেলা প্রায় পুরোটাই প্লাবিত। তবে এখানে ধ্বংসযজ্ঞ তেমন হয়নি। শহরেও পানি উঠেছিল। এখন নেমে যাচ্ছে। চিলমারী বন্দরের স্পিডবোটের চালক মোমিনুল ইসলাম জানালেন, সোনারী পাড়া, ব্যাপারীপাড়া, মাঝিপাড়া, মিস্ত্রিপাড়া, জোড়গাছ, রমনা—এসব এলাকা বন্যায় ডুবে যায়। শহরঘুরে দেখা গেল থানার প্রাঙ্গণ, উপজেলা পরিষদের পুকুরের সামনের মাঠে এখনো পানি জমে আছে।
বাড়িঘর ডুবে যাওয়ায় চিলমারী বন্দর থেকে রেলস্টেশন পার হয়ে প্রায় ছয় কিলোমিটার সড়কের দুই পাশে পলিথিন, শণ ও বাড়ি থেকে খুলে আনা টিনের বেড়া দিয়ে অস্থায়ী ঘর তৈরি করে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ। গবাদিপশু-পাখিও আছে তাদের পাশেই। সড়কের দুই পাশের গ্রামগুলোর ঘরবাড়ির উঠান ও ফসলের মাঠ বন্যায় তলিয়ে আছে। লোকজনের কাজকর্ম নেই। প্রায় সবাই বেকার। নিজেদের খাবারের জন্য যদিও ত্রাণের দশ কেজি চাল জুটেছে কিন্তু গবাদিপশুর খাবারের সংকট তীব্র।

ত্রাণ নিয়ে ফিরছেন কয়েকজন। চিলমারী উপজেলার থানারহাট ইউনিয়নের জুম্মাপাড়া এলাকা থেকে তোলা।
ত্রাণ নিয়ে ফিরছেন কয়েকজন। চিলমারী উপজেলার থানারহাট ইউনিয়নের জুম্মাপাড়া এলাকা থেকে তোলা।

পশুখাদ্যের দাম বেড়েছে
রেল চলাচল বন্ধ। চিলমারি রেলস্টেশনে বেশ কয়েক পরিবার আশ্রয় নিয়েছে। তাদের একজন জামাল শেখ তাঁর যত্নে লালিতপালিত ষাঁড়টিকে বেঁধে রেখেছেন লাইনের সঙ্গে। রমনা গ্রামে তাঁর বাড়ি পানিতে ডুবে আছে। ষাঁড়ের জন্য প্রতিদিন তাঁর খরচ হচ্ছে কম করেও ১০০ টাকা। আগে লাগত বড়জোর ৭০ টাকা। এখন ২৬ টাকা কেজির ভুসি হয়েছে ৩২ টাকা। খুদ ২৮ টাকা থেকে ৩৪ টাকা, ধানের কুঁড়া ছিল ৭ টাকা, এখন তার দাম ১০ টাকা। আর খড়ের আঁটি চার টাকা থেকে হয়েছে সাত টাকা। গো-খাদ্য নিয়ে জালাল শেখের মতো সমস্যায় পড়েছেন যাদের গবাদিপশু আছে, তারা সবাই।
গবাদিপশুগুলোই এখন বন্যার্ত মানুষের প্রধান সম্পদ। অনেকেই জানালেন, শতকষ্ট হলেও কম দামে গবাদিপশু বেচার ইচ্ছে তাঁদের নেই।