ছাগল চরানোর টিলায় ‘লাল নিশান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সরকারি ছাগল উন্নয়ন খামারের সবচেয়ে উঁচু টিলা—দুর্গাটিলা। খামারের ছাগল চরে বলে প্রায় ৬০ ফুট উচ্চতার এ টিলা ছাগল চরানোর টিলা নামে পরিচিত। কিন্তু প্রায় এক বছর ধরে ছাগল চরে না। টিলার চূড়ায় একটি খুঁটিতে লাল নিশান। বাঁশের আড় এবং শামিয়ানা সাঁটিয়ে দখল চললেও টিলা মালিক খামার কর্তৃপক্ষ নির্বিকার।চূড়ায় উঠে দেখা গেছে, ‘খানকা’ নির্মাণ করে দর্শনার্থীদের যাতায়াতে সুবিধায় চলছে বাঁশের আড় দিয়ে সীমানা চিহ্নিত করার কাজ। দুর্গাটিলা খাড়া আকৃতির হওয়ায় খানকা দেখতে আসা দর্শনার্থীদের সুবিধার জন্য টিলার নিচের মাটি কেটে ওঠানামার পথ তৈরি করা হচ্ছে। টিলায় খানকা নির্মাণের কথা প্রায় দুই মাস ধরে এলাকায় প্রচার করা হলেও কোনো দিন সেখানে কথিত কোনো পীরকে বসতে দেখেননি এলাকার কেউ। খামারপ্রধান প্রাণিসম্পদ কর্মকর্তা নূরুল ইসলাম জানান, ব্রিটিশ আমলে স্থাপিত খামারের ভূমির ওপর প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন সরকারি ছাগল উন্নয়ন খামার ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। চূড়ায় দখলযজ্ঞ প্রসঙ্গে তিনি বলেন, ‘কয়েক মাস আগে একদিন খানকা তৈরির বিষয়টি দেখে আমরা ঝামেলা এড়াতে আর টিলার দিকে ছাগল চরাতে দিচ্ছি না। টিলা-ভূমির মালিক যেহেতু দুগ্ধ খামার কর্তৃপক্ষ, তাই আমরা ভূমির মালিক হিসেবে বিষয়টি তাঁদের মৌখিকভাবে অবহিত করেছি।’গত মঙ্গলবার চূড়ায় ওঠার সময় নিচ থেকে দেখা যায় তিনজন যুবক খানকা নির্মাণকাজ তদারক করছেন। রিয়াছত আলী নামের ওই যুবক জানান, তিনি দেখাশোনা করেন মাত্র। সরকারি দুগ্ধ খামারের পরিচালক মুক্তার হোসেন প্রথম আলোকে বলেন, দুর্গাটিলার যে অংশটি এখন বিদ্যমান, সেটির মালিক সরকার। শুধু ওই টিলার অংশ নয়, খামারের ২২৯ একর জায়গার মধ্যে ৩১ একর জায়গা ইতিমধ্যে বেহাত হয়ে গেছে। দুর্গাটিলার ব্যাপারটি মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সেখান থেকে নির্দেশনা পেলে টিলা দখলমুক্ত করার জন্য স্থানীয়ভাবে পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।