ছাগল পালন ও ঝুঁকিহ্রাস ঋণের ২ কোটি টাকা অনাদায়ী
কুড়িগ্রামের উলিপুরে বিগত চারদলীয় জোট সরকারের আমলে ছাগল পালনে বিশেষ ঋণ ও ঝুঁকিহ্রাস ঋণের প্রায় দুই কোটি টাকা ১০ বছর ধরে অনাদায়ী রয়েছে। ঋণ বিতরণকারী সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক সূত্রে জানা যায়, ১৯৯৫-৯৬ অর্থবছরে অতিদরিদ্রের উন্নয়নে ছাগল পালন ও ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগের জন্য ঋণ হিসেবে ৪৩ লাখ ৭৫ হাজার ২০৭ টাকা এবং ঝুঁকিহ্রাস ও গরু পালন ঋণ হিসেবে এক কোটি ৫০ লাখ টাকা বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ছাগল চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের নামের তালিকা এবং ইউপি চেয়ারম্যানরা ঝুঁকিহ্রাস ও গরু পালনকারীদের নামের তালিকা তৈরি করেন। তালিকা অনুযায়ী একজন ঋণ গ্রহীতাকে পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। তালিকা অনুযায়ী জনতা ব্যাংক, উলিপুর শাখা ৩৯৪ জনকে ৩৭ লাখ ৪৮ হাজার ৪৩ টাকা বিশেষ ঋণ এবং ৬৫ জনকে ছাগল পালনে তিন লাখ ৬৩ হাজার ১৬৪ টাকা বিতরণ করে। সোনালী ব্যাংক উলিপুর শাখা ৫৫ জনকে ছাগল পালনে দুই লাখ ৬৪ হাজার টাকা দেয়। এ ছাড়া ঝুঁকিহ্রাস প্রকল্পের আওতায় অগ্রণী ব্যাংক উপজেলার থেতরাই, বুড়াবুড়ি, হাতিয়া, বজরা, সাহেবের আলগা ও বেগমগঞ্জ ইউনিয়নের এক হাজার ৭৮৪ জনকে গরু পালন ও ক্ষুদ্র ব্যবসার জন্য এক কোটি ৫০ লাখ টাকা ঋণ দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক উলিপুর সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা জানান, ঋণ আদায় করতে গিয়ে তাঁরা সমস্যায় পড়েছেন। তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁদের অধিকাংশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কারণে টাকা আদায় হচ্ছে না। জনতা ব্যাংকের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক বলেন, সেই সময় দলীয় বিবেচনায় ঋণ দেওয়ায় এখন আদায়ে সমস্যা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান জানান, ঋণ আদায়ে কয়েকবার নোটিশ দিয়েও কোনো কাজ হয়নি।