ছাগল বাঁচাতে গিয়ে গৃহবধূ অগ্নিদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার একটি গ্রামে ছাগল রাখার ঘরে গত রোববার রাতে আগুন লাগে। এতে চারটি ছাগল পুড়ে মারা যায়। ছয়টি ছাগলের জীবন রক্ষা করেন গৃহবধূ তাসলিমা বেগম। কিন্তু তিনি নিজে গুরুতর দগ্ধ হন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
তাসলিমার (৩৮) বাড়ি উপজেলার ইদ্রাকপুর গ্রামে। তাঁর স্বামী আবদুল মজিদ খেতমজুর। তাঁদের কোনো জায়গাজমি নেই। গ্রামের এক ব্যক্তির দেওয়া এক টুকরো জায়গায় পাটখড়ির বেড়া ও পলিথিনের চালা দেওয়া একটি ঘরে এক মেয়েকে নিয়ে তাঁরা থাকতেন। পাশেই রান্নার জায়গা ও ছাগল রাখার ঘর।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. তুহিন আখতার বলেন, তাসলিমার শরীরের ১৭ শতাংশ পুড়ে গেছে। তাঁর উন্নত চিকিৎসা প্রয়োজন।