ছাগল-ভেড়া পালন নিষিদ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছের ডালপালা খায় ও ফসল খেয়ে নষ্ট করে—এমন অভিযোগে রাজশাহীর বাগমারা উপজেলার মোহাম্মদপুর গ্রামে ছাগল ও ভেড়া পালন নিষিদ্ধ করেছেন মাতব্বরেরা। তাঁরা লোকজনকে ছাগল বিক্রি করতে বাধ্য করছেন। লোকজন এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছে।ওই আবেদন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মোহাম্মদপুর গ্রামের সব শ্রেণীর লোকজন দীর্ঘদিন ধরে ছাগল-ভেড়া পালন করে আসছে। অনেকে ভেড়ার খামারও তৈরি করেছে। নিম্ন আয়ের লোকজন এসব করেই জীবিকা নির্বাহ করে। চলতি মাসের শুরুতে গ্রামের কয়েকজন মাতব্বর মোহাম্মদপুর গ্রামে ছাগল-ভেড়া পালন নিষিদ্ধ ঘোষণা করেন। তাঁরা এক সপ্তাহের সময় বেঁধে দিয়ে গোটা গ্রামে ঢোল পিটিয়ে দিয়েছেন। এ সময়ের মধ্যে ছাগল-ভেড়া গ্রাম থেকে সরানো না হলে তাদের সামাজিকভাবে বয়কট করা এবং ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেন তাঁরা।এ ঘোষণার পর গ্রামের বেশির ভাগ লোক তাদের ছাগল-ভেড়া কম দামে বিক্রি করে দিয়েছে। আবার অনেকে তাদের আত্মীয়স্বজনদের বাড়িতে রেখে এসেছে। ওই গ্রামের গরিব কৃষক সান্টু জানান, তিনি ছাগল পালন করে জীবিকা নির্বাহ করেন। গ্রামের জালাল মেম্বার, আনিছার রহমান, ইয়াহিয়া, আয়ুব আলীসহ অন্য মাতব্বরা তাঁকে ছাগল বিক্রি করতে বাধ্য করেছেন। তিনি কম দামে নয়টি ছাগল বিক্রি করে দিয়েছেন। আয়ুব আলী নামের আরেক কৃষক জানান, তিনিও পাঁচটি ছাগল মাতব্বরদের চাপে ও ভয়ে কম দামে বিক্রি করেছেন। তাঁরা জানান, ছাগল-ভেড়া নিয়ন্ত্রণের মধ্যে রেখেই তাঁরা পালন করছেন। ফসলের ও গাছের ডালপালার কোনো ক্ষতি করে না বলে দাবি করেন তাঁরা।অনেকে গ্রামটিতে ছাগল-ভেড়া পালনের অনুমতি ও মাতব্বরদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ এনে গত বৃহস্পতিবার ইউএনওর কাছে আবেদন করেছে। সেখানে ওই গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জালাল উদ্দিন, মাতব্বর আনিছার রহমান, ইয়াহিয়া মোল্লা, আশরাফ আলীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।মাতব্বরদের একজন আনিছার রহমান জানান, ছাগল-ভেড়া ফসলের ক্ষতি করছে এবং ছাগল পালনকারীরা গাছের ডালপালা কেটে নষ্ট করছেন। এ কারণে গ্রামের লোকজন সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের সিদ্ধান্তে একমত হয়ে গ্রামের সাড়ে ৪০০ পরিবার তাদের ছাগল বিক্রি করে দিয়েছে। কয়েকজন এখনো বিক্রি করেনি। কয়েকজন অভিযোগ করেন, বৃহস্পতিবার পর্যন্ত তিনটি পরিবার ছাগল বিক্রি না করায় তাদের ছাগল ধরে নিয়ে আসা হয়েছে।আনিছার রহমান জানান, তিনটি পরিবারের ছাগল নিয়ে আসা হয়েছিল। তারা বিক্রি করবে এ অঙ্গীকার দেওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। আরেক মাতব্বর আশরাফ হোসেন বলেন, ‘আমি ছিলাম না, তবে শুনেছি, তাঁদের বুঝিয়ে বলার জন্য ডাকা হয়েছিল।’ তিনি দাবি করেন, সবার সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাউকে হুমকি বা ভয়ভীতি দেখানো হয়নি।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুভাষ চন্দ্র পণ্ডিত জানান, ওই গ্রামে ছাগল-ভেড়া বেশি পালন হয়। তাঁর জানা মতে, ওই গ্রামে ভেড়ার খামারও রয়েছে। গ্রামের দুই পাশে বিল থাকার কারণে ভেড়া-ছাগল পালনেও সুবিধা রয়েছে। এর আগেও অন্য গ্রামে এ ধরনের পালন নিষিদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে। তবে এই নিষেধ করা ঠিক হয়নি।ইউএনও আবু ইউসুফ মো. রেজাউর রহমান বলেন, আগামী রোববার মাতব্বরদের এ বিষয়ে চিঠি দিয়ে সতর্ক করে দেওয়া হবে। ছাগল যাতে ফসল ও গাছের ডালপালার ক্ষতি না করে সে ব্যাপারেও সতর্ক থাকার জন্য পালনকারীদের বলা হবে।