ছাগল যখন ঘরের দুয়ারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত তখন আটটা। মানিক মিয়া অ্যাভিনিউয়ের ফুটপাতে ১২টি ছাগল নিয়ে দুজন বসে আছেন। এঁদের একজন শাহ আলম বললেন, গাজীপুর থেকে এসেছেন। হাটে ঢোকেননি। শুনেছেন, ঢাকায় এলাকায় ঘুরে ঘুরে ছাগল বিক্রি করা যায়। একটু বিশ্রাম নিয়েই ফার্মগেট এলাকায় যাবেন। 

গত দুই দিন থেকে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় ছাগলের পাল ঘুরতে দেখা যাচ্ছে। তবে অবশ্যই গলার রশি কারও নিয়ন্ত্রণে আছে। মো. রহিম তিনটি ছাগল নিয়ে আজ ধানমন্ডি ৮ নম্বর সেতুর এক পাশে বসে আছেন। কিছু কাঁঠালপাতা জোগাড় করে একটু একটু করে খাওয়াচ্ছেন সেগুলোকে। রহিমের বাড়ি কেরানীগঞ্জ। পাঁচটি ছাগল নিয়ে হাজারীবাগে এক আত্মীয়ের বাসায় উঠেছেন। দুটি আসার পথেই বিক্রি করেছেন। রহিম বলেন, ‘কাল থেকে এ এলাকায় ঘুরতেছি। আমার মতন আরও কয়েকজন আইছে ছাগল নিয়া। শুক্রবার পর্যন্ত যদি না বেচতে পারি, তাইলে দেশের হাটে নিয়া বেচুম।’ জানালেন, ছাগল তিনটি ২০ হাজার টাকা হলে বিক্রি করবেন।
গায়ের কালো রং চক চক করছে। চারটির গলায়ই লাল ফিতা বাঁধা। দূর থেকেই তা নজর কাড়ে। কলাবাগান থেকে ধানমন্ডি ৮ নম্বরের দিকে তিনটি খাসি ও একটি ছাগল নিয়ে কাসেম মিয়া এগোচ্ছেন। চারটিই মাঝারি আকারের। কাসেম বলেন, ‘বয়স বেশি না। দেড় বছর আগের। তিনটারেই আদর-যত্ন কইরা পালছি।’ হাটে না গিয়ে ঘুরে ঘুরে বিক্রির কারণ হিসেবে বলেন, হাটে গেলে হাসিল দেওয়া লাগে। তাতে পোষায় না। এ ছাড়া আবাসিক এলাকায় বিক্রি করলে দাম বেশি পাওয়া যায়। গতবারও তিনি পাঁচটি ছাগল বিক্রি করেছেন।
ধানমন্ডি ৭/এ-তে বায়তুত তাওয়াব আবাসিক এলাকায় ঢোকার মুখেও এ রকম তিনজন ছাগল বিক্রেতা পাওয়া গেল। আশপাশ দিয়েই যাঁরাই যাচ্ছেন, আগ্রহ নিয়ে দেখছেন। কেউ কেউ দরদামও করছেন। বশির আহমেদ নামে একজন হাটে যাচ্ছিলেন। কিন্তু ছাগলগুলোকে দেখে আগ্রহী হলেন। তিনি বলেন, ‘গরু তো কিনবই। তবে খাসিও কোরবানি দিতে পারি। ওদের এগুলো দেখে ভালোই মনে হচ্ছে। কিন্তু ওরা এখানে দাম বেশি চায়।’ এদিকে বিক্রেতা মো. সোবহান বলেন, হাটে গিয়ে ঠেলাঠেলি করে কেনার ঝক্কি নেই। আলাদা গাড়ি ভাড়াও লাগবে না। ঘরের দুয়ার থেকে কিনে নেবে। দাম একটু বেশি হতেই পারে। ছোট খাসি বা ছাগলের দাম চাওয়া হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকা। মাঝারি আকারেরগুলোর দাম আট হাজার এবং বড় হলেই ১০ হাজার টাকা চাচ্ছেন বিক্রেতারা। কয়েকজন বিক্রেতা জানান, সব এলাকায় যেতে পারেন না। নিরাপত্তাকর্মীরা দাঁড়াতে দেন না। এ ছাড়া নোংরা হওয়ার ভয়ে তাঁরাও মূল সড়কেই থাকেন।
কলাবাগানের লেক সার্কাস সড়কেও ছাগল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কয়েকজন। কারওয়ান বাজারে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের ফুটপাতে কয়েকজন ছাগল নিয়ে দাঁড়িয়ে আছেন। ডেমরা থেকে এসেছেন সাইফুল। সঙ্গে ছয়টি ছাগল। আগে থেকেই মণিপুরি পাড়ায় তিনটি ছাগল বিক্রির কথা হয়েছে। সেগুলো দিতে যাবেন। সাইফুল বলেন, ‘তিনটা তো বেচা গেল। বাকি তিনটা এখন ফেরি কইরা বেচা লাগব।’