ফেনীর ছাগলনাইয়ায় মোহাম্মদ আলী ওরফে আলাউদ্দিন নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এদিকে বৃহস্পতিবার রাতে মোহাম্মদ আলীর পক্ষের লোকজন মো. সবুজ নামের এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করেছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, মোহাম্মদ আলীকে হত্যার অভিযোগে তাঁর বাবা আবু তাহের থানায় হত্যা মামলা করেছেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে তিনজনকে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে মোহাম্মদ আলীর মৃত্যুর খবর পাওয়ার পর কিছু ব্যক্তি উত্তেজিত হয়ে মো. সবুজের বাড়ি রান্নাঘরে অগ্নিসংযোগ করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে রান্নাঘরটি পুড়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, বিভিন্ন কারণে এলাকার কিছু ব্যক্তির সঙ্গে মোহাম্মদ আলীর বিরোধ ছিল। এসব ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মোহাম্মদ আলীকে এলোপাতাড়ি মারধর করা হয়। রাতে তিনি মারা যান।
পুলিশ জানায়, বিভিন্ন অভিযোগে মোহাম্মদ আলীর বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় সাতটি মামলা আছে।