ছাগলনাইয়ায় সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় ইউপি সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। গত শনিবার রাত থেকে গতকাল রোববার বিকেল পর্যন্ত এসব হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।
আহত মহামায়া ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা নুরুল করিম চৌধুরীকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সভাপতি কাজী ওমর ফারুক দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, ইউপি সদস্য নুরুল করিম চৌধুরীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় মামলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি টহল অব্যাহত রয়েছে।
সোনাগাজীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিএনপির সভা পণ্ড: ফেনীর সোনাগাজীতে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে উপজেলা ও পৌর বিএনপির সভা পণ্ড হয়ে গেছে। গতকাল রোববার বিকেলে পৌর শহরের কলেজ রোডে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামাল উদ্দিন ওরফে সেন্টুর নিজ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভা আয়োজনের খবর শুনে নেতা-কর্মীদের একটি অংশ সেখানে গিয়ে হইচই শুরু করেন। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়।
পৌর মেয়র জামাল উদ্দিন বলেন, সভার শেষ মুহূর্তে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী গিয়ে হইচইয়ের চেষ্টা করেন।
অপরদিকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম ভূঁঞা বলেন, ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে ওই সভা ডাকা হয়। পরে ক্ষুব্ধ নেতা-কর্মীরা সভা পণ্ড করে দেন।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশিদ বলেন, বিএনপির সভায় দুই পক্ষের নেতা-কর্মীদের উত্তেজনার পরিপ্রেক্ষিতে ঈদের আগমুহূর্তে এলাকায় শান্তিশৃঙ্খলার স্বার্থে পুলিশ দুই পক্ষকে সভাস্থল থেকে সরিয়ে দিয়েছে।