ছাগলনাইয়ায় হঠাৎ অসুস্থ ১৩ মাদ্রাসাছাত্রী
ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের নিজপানুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ১১ জন শিক্ষার্থী গতকাল শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে বলে চিকিৎসকেরা ধারণা করছেন।
মাদ্রাসা সূত্র জানায়, গতকাল সকাল পৌনে ১০টার দিকে মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার হঠাৎ অচেতন হয়ে শ্রেণিকক্ষে পড়ে যায়। এরপর অষ্টম শ্রেণির তাসানুর নাহার, নুসরাত জাহান, আরমা সুলতানা ও রাজিয়া সুলতানা তানজিনা; সপ্তম শ্রেণির জান্নাতুন নাঈমা, সালমা আক্তার, ইসরাত জাহান, সাফিয়া আক্তার ও আসমাউল হুসনা; চতুর্থ শ্রেণির আয়শা আক্তারও অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। মাদ্রাসার শিক্ষকেরা তাদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে নুসরাত জাহান, আরমানা সুলতানা ও আয়শা আক্তারকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিজপানুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক মো. ইউনুছ জানান, ক্লাস শুরুর আগে একটি মেয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে দেখতে গিয়ে অন্যরাও একের পর এক অজ্ঞান হয়ে যায়।
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোনায়েদ মাহমুদ খান বলেন, এটি গণমনস্তাত্ত্বিক রোগ বলে ধারণা করা হচ্ছে।