ছাগলনাইয়া ও দাগনভূঞায় জঙ্গিবাদবিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া ও দাগনভূঞায় জঙ্গিবাদবিরোধী পৃথক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ছাগলনাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সাংসদ ও জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার।

প্রধান অতিথির বক্তব্যে শিরীন আখতার বলেন, একাত্তরের পরাজিত শক্তি দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ চালাচ্ছে। ধর্মের নামে মানুষ হত্যা করছে। ধর্মের দোহাই দিয়ে বাংলাদেশে আর কোনো রাজনীতি করা যাবে না।

ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী প্রমুখ।

অপর দিকে দাগনভূঞা উপজেলা সদরের গাউছিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে গত বুধবার এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের ফাজিলের ঘাট সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ আবদুল মান্নানের সভাপতিত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পর্কে বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ শাহাদাত হোসেন, সদস্য শেখ ফরিদ উদ্দিন। বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদকে দেশ ও সমাজের শত্রু হিসেবে উল্লেখ করে সবাইকে সজাগ ও সতর্ক থাকার অনুরোধ জানান। -