ছাগলনাইয়া সরকারি কলেজে পাঁচজন শিক্ষক নিয়োগ
ফেনীর ছাগল-নাইয়া সরকারি ডিগ্রি কলেজে পাঁচজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় তাঁদের নিয়োগ দিয়েছে। কলেজ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ ও রসায়নবিজ্ঞান। ছাগলনাইয়া ডিগ্রি কলেজে দীর্ঘদিন ধরে শিক্ষকের ১৮টি পদ শূন্য ছিল। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এ নিয়ে ১৭ জুলাই প্রথম আলোয় ‘বাংলা, ইংরেজিসহ সাত বিষয়ের শিক্ষক নেই’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এ প্রতিবেদন ছাপা হওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিমল কান্তি পাল বলেন, শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৯তম বিসিএস থেকে সারা দেশে মোট ৬৫৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ছাগলনাইয়া সরকারি কলেজে নিয়োগ পেয়েছেন পাঁচজন। তাঁরা ১ আগস্ট কলেজে যোগদান করবেন। তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘এটা আমাদের জন্য বিশাল পাওয়া, অনেক চেষ্টা করেও আমরা যা পারিনি, তা সম্ভব করেছে প্রথম আলো।’