ছাগলনাইয়ার শীর্ষ সন্ত্রাসী জুয়েল গ্রেপ্তার
ফেনীর ছাগলনাইয়ার শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ একাধিক মামলার আসামি স্থানীয় যুবলীগের নেতা আবুল মনসুর আজাদ ওরফে জুয়েল ওরফে হাতকাটা জুয়েলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
ছাগলনাইয়া থানার অধীন মুহুরীগঞ্জ ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত বৃহস্পতিবার রাতে উপজেলার মুহুরীগঞ্জ ইকবাল ফিলিং স্টেশনের পাশে অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সন্ত্রাস ও চাঁদাবাজির আট-নয়টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর রাতেই তাঁকে ছাগলনাইয়া পুলিশে সোপর্দ করা হয়েছে।
ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সদস্য কাজী ওমর ফারুক জানান, জুয়েল স্থানীয়ভাবে যুবলীগের নেতা হিসেবে পরিচিত হলেও তিনি কোনো কমিটির সদস্য নন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, সন্ত্রাসী জুয়েল ও তাঁর সহযোগীরা বৃহস্পতিবার দুপুরে ছাগলনাইয়া উপজেলার লাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং অন্য শিক্ষকদের গালমন্দ করেন। এ ঘটনায় প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।