ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ১১টি ঘর পুড়ে গেছে
ফেনীর ছাগলনাইয়ার নিজকুঞ্জুরা গ্রামে অগ্নিকাণ্ডে ১১টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার ভোরে ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জুরা গ্রামের পূর্ব বড়বাড়ির কেফায়েত উল্লাহর ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে বাড়ির ১১টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাহমুদুল হক বলেন, অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমিনুর রশিদ ও ঘোপাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০০ কেজি চাল, শাড়ি, লুঙ্গি ও পরিবারপ্রতি দুই হাজার করে টাকা দেওয়া হয়েছে।