ছাগলনাইয়ায় গ্যাসলাইনে বিস্ফোরণে ১২ জন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়ায় গতকাল রোববার একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসলাইনে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন।
সূত্র জানায়, এ ঘটনায় বাখরাবাদের উপসহকারী প্রকৌশলী মো. ওয়াসিম, টেকিনশিয়ান রফিকুল ইসলাম ও কর্মচারী মো. হারুন এবং ফিলিং স্টেশনের উপসহকারী প্রকৌশলী মামুন চৌধুরীসহ ১২ জন দগ্ধ হন৷ তাঁদের মধ্যে ১০ জনকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে৷ আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ছাগলানইয়া উপজেলার বাঁশপাড়ার মজুমদার ফিলিং স্টেশনের গ্যাসলাইনের ফিল্টারে গত শনিবার ত্রুটি দেখা দেয়। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বিষয়টি বাখরাবাদ কর্তৃপক্ষকে জানায়৷ গতকাল সকালে বাখরাবাদ কার্যালয় থেকে একজন উপসহকারী প্রকৌশলী, একজন টেকনেশিয়ানসহ তিনজন ত্রুটি মেরামত করতে যান৷ বেলা একটার দিকে গ্যাস ফিল্টার খুলে পরিষ্কার করার সময় হঠাৎ গ্যাসলাইনে বিস্ফোরণ ঘটে। এতে ওই ১২ জন দগ্ধ হন৷
বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের ফেনীর ব্যবস্থাপক তাইজুল ইসলাম বলেন, কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েির (জিডি) করা হয়েছে।