ছাগলনাইয়ায় ছুরিকাঘাতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলা সদরের কলেজ রোড এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় ছুরিকাঘাতে শাহাদাত হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত ও দুজন আহত হয়েছেন।

নিহত শাহাদাতের বাড়ি উপজেলার পূর্ব ছাগলনাইয়া গ্রামে।

স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গতকাল সকালে কলেজ রোডের একটি মেটাল ওয়ার্কশপের কর্মচারী মো. বেলাল (৩০) একজন রিকশাচালককে মারধর করেন। ওই সময় শাহাদাত এর প্রতিবাদ করেন। ওই সময় বেলাল শাহাদতকে গালাগাল করেন ও মারধর করতে উদ্যত হন। সন্ধ্যায় এ নিয়ে শাহাদাতের সঙ্গে বেলালের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বেলাল শাহাদাতকে ছুরিকাঘাত করেন। এ সময় শাহাদাতের দুই সঙ্গী রিয়াজ (২৫) ও ওসমান (২৮) এগিয়ে গেলে তাঁদেরও ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহাদাত মারা যান। রিয়াজ ও ওসমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, ঘটনার সঙ্গে জড়িত বেলালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।