ছাগলনাইয়ায় ট্রাকসহ ১৫ মেট্রিক টন চাল আটক, গ্রেপ্তার ৩
ফেনীর ছাগলনাইয়া থানা-পুলিশ গতকাল শুক্রবার একটি ট্রাকভর্তি ৩০০ বস্তা (১৫ মেট্রিক টন) সরকারি খাদ্য বিভাগের চাল আটক এবং তিনজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, গতকাল শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানা-পুলিশ উপজেলার মির্জার বাজারে একজন ব্যবসায়ীর গুদামে অভিযান চালায়। তখন সেখানে একটি ট্রাক (বগুড়া-ট-১১-০২০২) থেকে সরকারি চাল নামানো হচ্ছিল। পুলিশ দেখে গুদামের শ্রমিকেরা পালিয়ে যান। এ সময় পুলিশ চালসহ ট্রাকচালক মোজাফফর হোসেন (৩৫) ও চাল ব্যবসায়ী জাকির হোসেনকে (৪০) গ্রেপ্তার করে। ট্রাকচালকের স্বীকারোক্তি মতে, পরে ছাগলনাইয়া উপজেলা সদরের জমাদ্দার বাজারের আরেকটি গুদামে অভিযান চালিয়ে বেশ কিছু সরকারি চাল উদ্ধার এবং গুদামের মালিক এনায়েত মুনশিকে (৫০) গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে তাঁরা সরকারি চাল কেনার কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ট্রাকভর্তি ৩০০ বস্তা সরকারি চাল উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।