ছাগলনাইয়ায় ফলাফল সবাই জানেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছয় উপজেলার মধ্যে পাঁচটিতেই এরই মধ্যে সরকার-সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। কেন্দ্র দখল আর নির্বিঘ্নে ব্যালটে সিল মারাই ছিল বিজয়ের মূল কারণ। সেই অভিজ্ঞতা থেকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ভোটাররা ভোটের ফলাফলের ‘আগাম ধারণা’ করে নিয়েছেন। অনেকের মতে, ফলাফল ঘোষণা এখন কেবল আনুষ্ঠানিকতা মাত্র।
গত দুই দিনে এখানে বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে ভোটের ফলাফলের ‘সম্ভাব্য’ একটি চিত্র পাওয়া গেছে। তবে নেতা-কর্মীদের মতে, বিএনপির দুর্গ বলে খ্যাত ফেনীতে যেকোনো মূল্যে আওয়ামী লীগের শক্ত ভিত তৈরিতে তাঁরা বদ্ধপরিকর।
ছাগলানাইয়া উপজেলার চেয়ারম্যান পদে চারজন প্রার্থী থাকলেও লড়াইটা হবে মূলত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেসবাউল হায়দার চৌধুরী ও উপজেলা বিএনপির সভাপতি নূর আহম্মদ মজুমদারের মধ্যে। সোমবারের এই নির্বাচনকে ঘিরে উপজেলায় এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে। নির্বাচনের দিন নানা বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি-সমর্থিত প্রার্থী। তবে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদী।
উপজেলার পশ্চিম পাঠাননগর বাজারের চা-দোকানদার রমিজউদ্দিন বলেন, ভোটের দিন যদি কোনো ধরনের গন্ডগোল দেখি, তাহলে ভোট দিতে কেন্দ্রে যাব না।’ একই এলাকার বৃদ্ধ ভোটার আবদুল হালিম বললেন, ‘যা শুনছি, জানছি তাতে তো মনে হচ্ছে জোর করেই সরকারের লোককে জেতানো হবে।’
ভোটারের মতো ভোটের ফল আগাম ধারণা করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নূর আহম্মদ মজুমদারও। তাঁর মতে, এখন থেকে প্রশাসন একপক্ষীয় যে আচরণ করছে, তাতে ভোটের ফল কী হবে, সেটা বুঝতে আর কিছু বাকি নেই। ব্যালট পেপারে আগাম সিল মেরে বাক্স ভর্তি করা হতে পারে—এই আশঙ্কায় ভোটের দিন সকালে বিভিন্ন কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছানোর জন্য নির্বাচন কমিশনে লিখিত আবেদন করেছেন তিনি।
নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম বলেন, নির্বাচনের দিন সব মিলিয়ে সেনা, বিজিবি, র্যাব, পুলিশের ৫১টি বিশেষ দল মাঠে থাকবে। এ ছাড়া প্রত্যেক কেন্দ্রের নিরাপত্তায় আলাদা ব্যবস্থা থাকবে। ইউএনও আরও জানান, উপজেলার ৪৭টি কেন্দ্রের মধ্যে ১২টিকে তাঁরা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছেন। এক লাখ ২২ হাজার ৪৫৭ জন ভোটারের মধ্যে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান সমান।
মেজবাউল হায়দার চৌধুরী বলেন, ‘এটি খালেদা জিয়ার আসন। বিগত দিনগুলোতে উপজেলা চেয়ারম্যান এখানে তেমন কোনো উন্নয়ন করেননি। আমাদের সরকার ক্ষমতায়, তাই আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন করতে পারব।’
হলফনামার মামলার বিবরণী: নির্বাচনে প্রার্থীদের দেওয়া হলফনামা অনুযায়ী, মেজবাউল হায়দার ১২ মামলায় খালাস ও অব্যাহতিপ্রাপ্ত। অর্ধেকই ছিল হত্যা মামলা। আর বিএনপি-সমর্থিত প্রার্থী নূর আহম্মদ মজুমদার একটি অস্ত্র মামলা থেকে খালাসপ্রাপ্ত।
দায়ের হওয়া ১২ মামলায় প্রায় এক বছর কারাভোগ করেছেন বলেও মেজবাউল হায়দার প্রথম আলোকে বলেন। তিনি বলেন, রাজনৈতিক কারণে গত বিএনপি সরকারের আমলে তাঁর বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছিল।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মেজবাউল হায়দার এলাকায় সোহেল নামেই অধিক পরিচিত। স্থানীয়রা জানান, একসময় সোহেল ও রাসেল নামে ফেনীতে একটি জুটি ছিল। ওই জুটি ফেনীর একসময়কার সন্ত্রাসের গডফাদার জয়নাল হাজারীর ছত্রছায়ায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত। ২০০১ সালের নির্বাচনের পর জয়নাল হাজারী এলাকা ছাড়লে তাঁর সঙ্গে সঙ্গে সোহেল ও রাসেল জুটিও দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমায়। এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে ফিরে এসে রাজনীতিতে সক্রিয় হন।
অপর দিকে, অস্ত্র আইনের একটি মামলায় খালাস পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন বিএনপির আরেক প্রার্থী নূর আহম্মদ মজুমদার।