ছাগলনাইয়ায় যুবদল কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের নতুন মুহুরীগঞ্জ বাজারে মাদক ব্যবসায় বাধা দেওয়ার জের ধরে শাহীনূর ইসলাম সুমন (২২) নামের যুবদলের এক কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাগলনাইয়া থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত লকিয়ত উল্যাহর ছেলে শাহীনূর ইসলাম গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে কাজ শেষে স্থানীয় মুহুরীগঞ্জ বাজার হয়ে বাড়ি ফিরছিলেন।

এ সময় স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বাদশা, নবীসহ সাত-আটজন সন্ত্রাসী তাঁকে একা পেয়ে এলোপাতাড়ি পেটাতে শুরু করে। স্থানীয় লোকজন তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে সন্ত্রাসীরা সুমনকে একপর্যায়ে ধাক্কা দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাকের নিচে ফেলার চেষ্টা করে।

পরে ট্রাকের ধাক্কা লেগে তিনি আহত হন। মুমূর্ষু অবস্থায় তাঁকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চট্টগ্রাম নেওয়ার পথে রাত ১০টার দিকে সুমন মারা যান। গতকাল রোববার দুপুরে ফেনী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে সুমনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে শনিবার রাত ১১টার দিকে স্থানীয় যুবদলের কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নতুন মুহুরীগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করেন। এতে প্রায় ৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ ঘটনাস্থলে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় একটি সূত্র জানায়, কিছুদিন থেকে এলাকায় বাদশা ও নবীর নেতৃত্বে একদল যুবক সন্ত্রাস ও চাঁদাবাজির পাশাপাশি মাদক ব্যবসা শুরু করে। স্থানীয় কিছু যুবক এলাকায় মাদক ব্যবসার বিরোধিতা করে আসছিল। নিহত সুমনও স্থানীয় মাদকবিরোধী আন্দোলনে একজন সক্রিয় কর্মী ছিলেন।

এ ঘটনায় নিহত সুমনের ভাই সামছুল আলম বাদী হয়ে বাদশা, নবীসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং সাত-আটজনকে অজ্ঞাত হিসেবে ছাগলনাইয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন হত্যা মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।