ছাগলনাইয়ায় যুবদলের কর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের পুরাতন মুহুরীগঞ্জ বাজারে গতকাল রোববার দুপুরে সন্ত্রাসীরা মিজানুর রহমান ওরফে মিন্টু নামে যুবদলের এক কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। এ সময় তাঁর সঙ্গে থাকা নজরুল ইসলাম (৪৩) নামে একজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে তারা।পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর (ছয়ঘরিয়া) গ্রামের মো. আবুল হাসেমের ছেলে ও স্থানীয় যুবদলের কর্মী মিজানুর রহমান ওরফে মিন্টু (৩৫) গতকাল রোববার দুপুরে ঘোপাল ইউনিয়নের পুরাতন মুহুরীগঞ্জ বাজারে আইয়ুবের করাতকলে গাছ চিরাই করতে যান। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু নজরুল ইসলাম। এ সময় পূর্বশত্রুতার জের ধরে মঞ্জুরুল আলম, সোহরব হোসেন ওরফে বাদশা, নুর নবী, মো. সেলিম ওরফে সেলিম বাঙ্গালীসহ স্থানীয় যুবলীগের কর্মী হিসেবে পরিচিত সন্ত্রাসীরা অতর্কিতে তাঁদের ওপর হামলা করে। সন্ত্রাসীরা মিজানুর রহমানকে এলোপাতাড়ি কোপানোর পর গুলি করে। ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত নজরুল ইসলামকে ছাগলনাইয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ছাগলনাইয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে মিজানুর রহমানকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম একজন নিহত এবং অপর একজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।