ছাগলনাইয়ায় সংঘর্ষে ছয় পুলিশসহ আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলা সদরে গত শনিবার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ছয় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।আহত ছয় পুলিশ সদস্য হচ্ছেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস, উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন, মেজবাহ, পল্টু মজুমদার, কামাল ও কনস্টেবল মো. ইব্রাহিম মোল্লা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছেন এমরান হোসেন ওরফে নান্টু, জামাল উদ্দিন, মো. ইব্রাহিম ও দীন ইসলাম। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের মটুয়া গ্রামের জামাল উদ্দিনের সঙ্গে দোকানদার বাঁশপাড়া গ্রামের রবিউল হকের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় বাজারের আরও কিছু লোক সেখানে জড়ো হয়। একপর্যায়ে রবিউল হকের পক্ষে পৌর এলাকার বাঁশপাড়া গ্রামের এবং জামাল উদ্দিনের পক্ষে মটুয়া গ্রামের লোকজন অবস্থান নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ছাগলনাইয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। পরে পুলিশ ১৫টি ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতি শান্ত হয়। ছাগলনাইয়া থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। গতকাল রোববার সকালে ছাগলনাইয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উভয় পক্ষকে নিয়ে প্রশাসনের উদ্যোগে সমঝোতা বৈঠক হয়।