ছাগলনাইয়ায় হরতালে মাঠে নেই বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় আজ মঙ্গলবার হরতাল ডেকে মাঠে নেই বিএনপির নেতা-কর্মীরা।

গতকাল সোমবার এ উপজেলায় নির্বাচন হয়। নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে আজ সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল স্থানীয় বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী নুর আহাম্মদ মজুমদার এ হরতাল ডাকেন।

এদিকে আজ সকাল থেকে উপজেলায় সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক ও দোকানপাট খোলা রয়েছে বলে স্থানীয়রা জানান।

পুলিশ জানায়, হরতালের সমর্থনে কোথাও কোনো মিছিল, সমাবেশ ও পিকেটিং হয়নি। দুপুর পর্যন্ত হরতালের বিপক্ষেও কোনো ধরনের মিছিল-সমাবেশের খবর পাওয়া যায়নি।

ছাগলনাইয়া উপজেলা নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মেজবাউল হায়দার চৌধুরী প্রকাশ সোহেল প্রায় ৪৯ হাজার ভোটের ব্যবধানে নুর আহাম্মদ মজুমদারকে পরাজিত করেন।