ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে কৃষক পরিবার একঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ঢাকার ধামরাইয়ের নান্দেশ্বরী গ্রামের এক কৃষক পরিবারকে একঘরে করে রাখা হয়েছে। ওই পরিবারের এক মেয়েকে এলাকাছাড়া করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নান্দেশ্বরী গ্রামের জিন্নত আলীর মেয়ে জয়নব আক্তার গত বছরের ২৮ ডিসেম্বর কয়েকটি ছাগল নিয়ে গ্রামের পাশের মাঠে যান। এক ফাঁকে তাঁর ছাগল একই গ্রামের ছায়েদ আলীর লেবুবাগানে ঢুকে লেবুপাতা খেতে থাকে। খবর পেয়ে ছায়েদ আলী সেখানে গিয়ে দুটি ছাগল আটক করে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছায়েদ আলী জয়নবকে চড়-থাপড় মারেন। এতে ক্ষিপ্ত হয়ে জয়নবও তাঁর স্যান্ডেল দিয়ে ছায়েদ আলীকে আঘাত করেন। ওই ঘটনায় ছায়েদ এলাকার মাতব্বরদের কাছে বিচার চান। গত শুক্রবার জনৈক দানেজ আলীর বাড়িতে গ্রাম্য সালিস বসে। সালিসে ওই এলাকার শহীদুল ইসলাম, আদালত ব্যাপারী, তরফ আলী, আবুল হোসেনসহ আরও কয়েকজন মাতব্বর উপস্থিত ছিলেন।
সালিসে উপস্থিত কয়েকজন গ্রামবাসী বলেন, সালিসে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে মাতব্বর কিয়ামুদ্দিন সবার সামনে জিন্নত আলীকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে জয়নবও তাঁকে গালিগালাজ করেন। এতে মাতব্বরেরা পরিবারটিকে একঘরে করে রাখার সিদ্ধান্ত নেন।
জিন্নতের স্ত্রী সাহেরা খাতুন বলেন, গত শনিবার থেকে তাঁরা সরকারি রাস্তা ছাড়া বাড়ির বাইরে যেতে পারছেন না। এমনকি নিজেদের জমিতেও তাঁদের যেতে দেওয়া হচ্ছে না। এলাকার কোনো লোকজনকে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না।
সাহেরা খাতুন অভিযোগ করেন, মাতব্বরদের ভয়ে তাঁদের মেয়েকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁদের ছেলে মনিরুল স্থানীয় একটি কড়াই কারখানায় কাজ করতেন। চাপে পড়ে ওই কারখানা থেকে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।
এ বিষয়ে কথা বলতে গত বুধবার নান্দেশ্বরী গ্রামের ওই কারখানায় গেলে কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সালিসে বিচারকদের একজন আদালত ব্যাপারী বলেন, জয়নব ছাগল দিয়ে মানুষের ক্ষতি করে থাকেন। কেউ প্রতিবাদ করলেই তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন এবং মামলার ভয় দেখান। এ কারণে এলাকার লোকজন তাঁর ওপর আগে থেকেই ক্ষিপ্ত ছিল।
মাতব্বর শহীদুল ইসলাম বলেন, বিচার চলার সময় জয়নব মাতব্বরদের সঙ্গে অশালীন আচরণ করেন। এ কারণেই পরিবারটিকে একঘরে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, ‘নান্দেশ্বরী গ্রামে কোনো পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’