ছাগলের গায়ে কলপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেকে আকর্ষণীয় করতে অনেকেই চুলে কলপ মাখেন। এখন এই কলপই মাখা হচ্ছে কোরবানির হাটে আনা ছাগলের লোমে। ক্রেতার দৃষ্টি আকর্ষণের জন্য ও দাম বেশি পাওয়ার আশায় ঠাকুরগাঁওয়ের কিছু ব্যবসায়ী এমন প্রতারণার আশ্রয় নিচ্ছেন।
সদর উপজেলার খোঁচাবাড়ি পশুর হাটের ব্যবসায়ী আবদুল খালেক জানান, বাজারে সাদা রঙের ছাগলের চেয়ে কালো রঙের ছাগলের চাহিদা বেশি। চাহিদার কারণে দামও একটু বেশি পাওয়া যায়। এ কারণে অনেকেই ছাগলের লোমে কলপ মাখছেন। গতকাল শনিবার সকালে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে মাদারগঞ্জ গ্রামে গিয়ে দেখা গেছে, কাঁচা রাস্তার পাশে বাঁশঝাড়ের নিচে বেশ কয়েকটি ছাগল বেঁধে রাখা হয়েছে। এক ব্যক্তি ছাগলগুলোর লোমে কিছু একটা মাখছেন। তাঁর হাত দুটি কালো কুচকুচে হয়ে আছে। সেই হাতের স্পর্শে ছাগলগুলো আরও উজ্জ্বল হয়ে উঠছে। জানা গেল, ওই ব্যক্তির নাম নূর ইসলাম। দীর্ঘদিন ধরে গ্রাম থেকে ছাগল কিনে ঢাকায় সরবরাহ করেন তিনি।
নূর ইসলাম জানান, আলাল নামে তাঁর এক ভগ্নিপতি ঢাকায় ছাগলের ব্যবসা করেন। তাঁর কাছেই ওই ছাগলগুলো সরবরাহ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘গতকাল ছাগলের লোমে কলপ লাগিয়েছি। গোসল করানোর পর এখন সরিষার তেল মাখছি। কলপ লাগিয়ে সরিষার তেল মাখলে ছাগলের দেহ চকচক করে। এতে বাজারে কোরবানির ছাগল কিনতে আসা লোকজনের দৃষ্টি আকৃষ্ট হয়। আকৃষ্ট হলেই একটু বেশি দাম হলেও তাঁরা ছাগল কিনে নেন।’ তিনি জানান, সাদা ছাগলের লোম কালো করতে সাধারণত ফাইভ স্টার ব্র্যান্ডের চুলের কলপ ব্যবহার করেন তিনি। একটি ছাগলের জন্য তিনটি ছোট প্যাকেটের কলপ লাগে। এতে ৩০ থেকে ৩৬ টাকা খরচ পড়ে। বিনিময়ে একটি ছাগল থেকে অতিরিক্ত লাভ আসে কমপক্ষে পাঁচ শ টাকা। তাঁরা সাদা ও কালো মিশ্রিত রঙের ছাগলের লোমেও কলপ মাখেন। মাদারগঞ্জ গ্রামের আবদুল আলী বলেন, শুধু লাভের কারণে কোরবানির পশু নিয়ে এমন কাজ করা ঠিক নয়। এতে ব্যবসায়ী লাভ পেলেও প্রতারিত হচ্ছেন ক্রেতারা।
আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাফরুল্লাহ বলেন, ‘ইউনিয়ন পরিষদের পাশে একজন ছাগলের ব্যবসা করেন বলে শুনেছি। তবে তিনি চুলের কলপ ব্যবহার করে সাদা ছাগল কালো করে বাজারে বিক্রি করেন কি না, তা জানি না।’