ছাগলের জন্য কাঁঠালপাতা আনতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে পোষা ছাগলের জন্য কাঁঠালপাতা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাছিদ আহমেদ (১৫) নামের এক স্কুলছাত্র মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের পূর্ব কাফুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাছিদ আহমেদ ওই গ্রামের শেখ কলমের ছেলে। দুই ভাইবোনের মধ্যে বাছিদ বড়। সে মুন্সী বাজার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

বাছিদের চাচা মাহফুজুর রহমান বলেন, বাড়ির পোষা ছাগলের জন্য কাঁঠালগাছের পাতা কাটার জন্য বাড়ির পাশের একটি কাঁঠালগাছে উঠেছিল বাছিদ। এ সময় ওই গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।

গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।