ছাড় দেবে না সরকার
নির্বাচনকালীন সরকারপদ্ধতি নির্ধারণের প্রসঙ্গ থেকে শুরু করে রাজপথের আন্দোলন পর্যন্ত সব বিষয়ে সরকার যথাযথভাবে সংবিধান অনুসরণ করবে এবং আইন প্রয়োগে অবিচল থাকবে। এসব ক্ষেত্রে সামান্যতম ছাড়ও দেওয়া হবে না। তবে সব বিষয়েই সরকার নমনীয় থাকবে।
সরকারের এই অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে নীতিনির্ধারণী পর্যায়ের সূত্রগুলো প্রথম আলোকে বলেছে, হেফাজতে ইসলামের ব্যাপারে সরকার যথেষ্ট নমনীয় ছিল। তাদের সমাবেশ অনুষ্ঠান, দাবি উত্থাপন, সেগুলো পর্যালোচনা ও বিবেচনার ক্ষেত্রে সরকার কোনো অবহেলা করেনি। দেশের সংবিধান ও আইনের সঙ্গে হেফাজতের দাবিগুলোর সামঞ্জস্য-অসামঞ্জস্যগুলো ভালোভাবে পরীক্ষা করে দেখে সরকার তার অবস্থান তুলে ধরেছে। সরকারের সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে হেফাজতের কর্মসূচিতেও সরকার বাধা দেয়নি।
কিন্তু সরকার যখনই দেখেছে, হেফাজত একটি নির্দিষ্ট রাজনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত হয়েছে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তখন সরকার কঠোর পদক্ষেপ নিতে একটুও দ্বিধা করেনি। এখন তাদের বিরুদ্ধে হত্যা, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধাদান, ধর্মগ্রন্থ পুড়িয়ে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া প্রভৃতি বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। হেফাজতের এসব কাজের পেছনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উসকানি আছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে। তেমন কোনো প্রমাণ পেলে সংশ্লিষ্ট উসকানিদাতাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইতিমধ্যে আহলে সুন্নাত ওয়াল জমা’আতসহ কয়েকটি ধর্মভিত্তিক সংগঠন ইসলামের অবমাননার দায়ে হেফাজতে ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে।
সরকার একই নীতি অনুসরণ করবে বিরোধী দলের আন্দোলনের ক্ষেত্রেও। সরকারের সূত্রগুলো জানায়, বিরোধী দল গণতান্ত্রিক পন্থায় যেকোনো ধরনের আন্দোলন করতে পারে। কিন্তু কোনোভাবেই সাধারণ মানুষকে জিম্মি করতে দেওয়া হবে না। কোনো ধরনের ভাঙচুর-বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনকালীন সরকারপদ্ধতি সম্পর্কে বিরোধী দলের দাবির বিষয়েও সরকারের অবস্থান অভিন্ন। সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী আলোচনার জন্য যে আহ্বান জানিয়েছেন সে আলোচনায় তাদের আসতে হবে শর্তহীনভাবে। তবে আলোচনায় বসে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাসহ যেকোনো বিষয়ে আলোচনাকে সরকার স্বাগত জানাবে।
বিরোধী দলকে আবারও আলোচনায় বসার জন্য আহ্বান জানানো হবে। তবে তাদের দিক থেকে ইতিবাচক কোনো সাড়া না পেলে আলোচনার জন্য আনুষ্ঠানিক কোনো চিঠি দেওয়া হবে না।