নারায়ণঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গী খান সুমন কলকাতার দমদম কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি ছাড়া পান।
গত ১৮ আগস্ট উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের জেলা ও দায়রা জজ খান সুমনকে জামিনের আদেশ দেন। তবে জামিনের শর্ত পূরণ না হওয়ায় এত দিন তিনি কারাগার থেকে মুক্তি পাননি।
খান সুমনের আইনজীবী অনুপ ঘোষ আজ বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে জানান, জামিনের শর্ত পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র গতকাল জমা দিলে সন্ধ্যায় সুমনকে কারাগার থেকে ছাড়া হয়।
এই মামলার পরবর্তী তারিখ ২৯ সেপ্টেম্বর ।
এর আগে বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায় তিনবার খান সুমনের জামিনের আবেদন খারিজ করেন। এর পরই সুমন বারাসাতের জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানান। দায়রা জজ আদালতে খান সুমনের পক্ষে জামিনের আবেদন জানান আইনজীবী তারক চন্দ্র দাস ও অনুপ ঘোষ।
শুনানিকালে আইনজীবীরা দাবি করেন, খান সুমন বাংলাদেশের বৈধ পাসপোর্ট এবং ভারতীয় ভিসা নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানে করে কলকাতা আসেন। তাঁকে অনুপ্রবেশের নামে মিথ্যা মামলায় জড়ানো হয়। এ ছাড়া পুলিশও ৬০ দিনের মধ্যে অভিযোগপত্র দিতে ব্যর্থ হয়েছে। পরে দীর্ঘ শুনানির শেষে জেলা ও দায়রা জজ অমিতাভ চট্টোপাধ্যায় সুমনের জামিন মঞ্জুর করেন।
এদিকে এই মামলায় নূর হোসেনের আরেক সঙ্গী ওহিদুর জামানের পক্ষেও জামিনের আবেদন করা হয়েছে জেলা ও দায়রা জজ আদালতে। ওহিদুর জামান বারবার মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর হয়। জেলা দায়রা জজ আদালতে ৯ অক্টোবর সেই মামলার শুনানির দিন ধার্য রয়েছে।
কলকাতার দমদম বিমানবন্দরের কাছে বাগুইহাটি থানার কৈখালি এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে গত ১৪ জুন রাতে বাগুইহাটি থানার পুলিশের সহযোগিতায় নূর হোসেনের সঙ্গে তাঁর দুই সঙ্গী খান সুমন ও ওহিদুর জামানকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ পুলিশ বাহিনী। তবে নূর হোসেন গ্রেপ্তার হওয়ার পর সাড়ে তিন মাস কেটে গেলেও এখনো জামিনের আবেদন করেননি আদালতে।