ছাতক সিমেন্ট কারখানায় ভাঙচুর এমডি লাঞ্ছিত, ৭ শ্রমিক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কারখানার এক সিবিএর নেতার নেতৃত্বে শ্রমিকেরা ভাঙচুর ও নিরাপত্তাকর্মীদের ধাওয়া করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় এমডির কার্যালয়ে ঢুকে তাঁকে গালিগালাজ করেন শ্রমিকেরা। এ ঘটনায় গতকাল সোমবার সাতজন শ্রমিককে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। কারখানা এলাকায় পুলিশ মোতায়েন আছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছাতক সিমেন্ট কারখানার সিবিএর বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে আজ মঙ্গলবার। এ জন্য সিবিএ গতকাল সোমবার সন্ধ্যায় বার্ষিক সাধারণ সভা আহ্বান করে। সভা সামনে রেখে সকালে সিবিএর সভাপতি হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক জামায়াত নেতা আবু মো. সেলিম রোববার সকালে কারখানায় গিয়ে শ্রমিকদের বের করে আনেন। পরে আবার ভেতরে ঢুকতে চাইলে কর্তৃপক্ষ মূল ফটক বন্ধ করে দেয়। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে শাবল দিয়ে গেট ভেঙে নিরাপত্তাকর্মীদের ধাওয়া করে। পরে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী আক্কাছের কক্ষে গিয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন শ্রমিকেরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় গতকাল কারখানা কর্তৃপক্ষ সিবিএর যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, সদস্য কামরুজ্জামান, শ্রমিক সুজাতুর রহমান, সুরুজ খাঁ, মফিজুর রহমান, শেখ হাসানুর রহমান, মীর রাহিদকে সাময়িক বরখাস্ত করেছে। ছাতক সিবিএর সাধারণ সম্পাদক আবু মো. সেলিম ভাঙচুর ও নিরাপত্তাকর্মীদের ধাওয়া করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে এমডিকে শুধু জিজ্ঞাসা করেছি, বের হওয়ার সময় বাধা না দিয়ে কেন ঢোকার সময় গেট বন্ধ করে দেওয়া হলো। এতে তিনি উত্তেজিত হয়ে পড়েন। পরে আমরা চলে এসেছি। তিনিই পরিকল্পিতভাবে এ রকম একটা পরিস্থিতির সৃষ্টি করেছেন।’কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলী আক্কাছ জানান, কোনো জরুরি (ইমারজেন্সি) প্রয়োজন না হলে কর্তব্যরত শ্রমিকদের বাইরে যাওয়া নিষেধ। যেখানে একজন শ্রমিক বের হতে হলে কর্তৃপক্ষের লিখিত অনুমতি লাগে সেখানে সিবিএর সেক্রেটারি প্রায় ২০০ শ্রমিক নিয়ে বের হয়ে যান। আলী আক্কাছ প্রথম আলোকে বলেন, ‘কোনো কারণ ছাড়াই তারা কারখানা এলাকায় তাণ্ডব চালায়। তারা গেট এলাকায় ভাঙচুর করে নিরাপত্তাকর্মীদের ধাওয়া করে। আমার কক্ষে এসে টেবিল চাপড়ে আমাকে তারা গালিগালাজ করে।’