ছাতকে ছয় পরিবারকে একঘরে করার অভিযোগ
সুনামগঞ্জের ছাতকে ফেসবুকে কটূক্তি করার অজুহাত দেখিয়ে প্রতিপক্ষ ছয়টি পরিবারকে চার দিন ধরে একঘরে করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ছাতক থানায় মামলা হয়েছে। ছাতক উপজেলার জিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে জিয়াপুর গ্রামের পঞ্চায়েতের লোকজন স্থানীয় জিয়াপুর বাজারে একটি বৈঠক করেন। বৈঠকে গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মাসুক মিয়াসহ তাঁর ছয় স্বজনের পরিবারকে একঘরে করা হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, মাসুক মিয়ার ছেলে মাহবুব মিয়া তাঁর ফেসবুক আইডিতে গ্রামের বাসিন্দা যুক্তরাষ্ট্রপ্রবাসী আবদুল জলিলকে নিয়ে কটূক্তি ও তাঁকে গালাগাল করেছেন।
তবে মাহবুব মিয়া ওই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি ফেসবুকে কাউকে কটূক্তি বা গালাগাল করেননি। তাঁদের পরিবারের সঙ্গে গ্রামের একটি রাস্তা নিয়ে গ্রামের সফিক উদ্দিনের বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও আছে। এর জের ধরে সফিক উদ্দিনই উদ্যোগী হয়ে মানুষজনকে ভুল বুঝিয়ে তাঁদের একঘরে করিয়েছেন। তিনি অভিযোগ করেন, ‘আমরা চার দিন ধরে একঘরে। রাস্তাঘাটে চলাফেরা করতে এবং বাজারে থাকা আমাদের দোকান খুলতে নিষেধ দেওয়া হয়েছে।’ এ ঘটনায় মাহবুব মিয়া গতকাল সফিক উদ্দিনসহ ১৪ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা করেছেন। মাসুক মিয়ার পাশাপাশি আশরাফ, খসরু, শাহআলম, তখলিছ ও আছাব মিয়ার পরিবারকে একঘরে করে রাখা হয়েছে।
সফিক উদ্দিন জানিয়েছেন, প্রবাসী আবদুল জলিল গ্রামের একজন সম্মানী মানুষ। তিনি গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। কিছুদিন মাহবুব মিয়া ফেসবুকে তাঁকে নিয়ে কটূক্তি করেছেন। বিষয়টি মিটমাটের জন্য তাঁকে কয়েকবার পঞ্চায়েতে ডাকা হয়েছে। কিন্তু তিনি আসেননি। তাই পঞ্চায়েতের সিদ্ধান্তে তাঁদের সমাজ থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, তাঁদের সঙ্গে সমাজের কেউ চলাফেরা করতে পারবে না। তাঁদের চলাফেরায় কোনো বাধা দেওয়া হচ্ছে না।’ রাস্তা নিয়ে বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা নিয়ে তো মামলা আছে। সিদ্ধান্ত হবে আদালতে। এর সঙ্গে রাস্তা বা মামলার কোনো বিষয় জড়িত নয়।’
শনিবারের পঞ্চায়েত বৈঠকে সভাপতিত্ব করেছিলেন গ্রামের প্রবীণ নুরুল ইসলাম। তিনি বলেন, ‘মাহবুব মিয়া পঞ্চায়েতের ডাকে সাড়া না দেওয়ায় তাঁদের গ্রামের পঞ্চায়েতের কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়েছে। কাউকে রাস্তাঘাটে চলাফেরায় বাধা দেওয়া হচ্ছে বলে আমি শুনিনি।’
সিংচাপইড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাব উদ্দিন মো. সাহেল বলেন, ‘আমি ঢাকায় আছি। তবে বিষয়টি শুনেছি। এলাকায় এসে বিষয়টি দেখব।’
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।’