ছাতকে ঝড়ে নিহত ১, দুই শতাধিক ঘর বিধ্বস্ত
সুনামগঞ্জের ছাতক উপজেলায় কালবৈশাখীতে এক নারী নিহত ও ৩০ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বয়ে যাওয়া ওই ঝড়ে দুটি ইউনিয়নের পাঁচটি গ্রামের দুই শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে।
ঝড়ে নিহত নারীর নাম আনোয়ারা বেগম (৫৫)। তিনি উপজেলার খরেদিচর গ্রামের বাসিন্দা ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার খুরমা দক্ষিণ ও চরমহল্লা ইউনিয়নের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। প্রায় আধা ঘণ্টা স্থায়ী এই ঝড়ে খুরমা দক্ষিণ ইউনিয়নের হাদলানি ও পুরাকাটি গ্রামের অনন্ত দেড় শ কাঁচা ও টিনের বসতঘর বিধ্বস্ত হয়। একই সময় চরমহল্লা ইউনিয়নের তেতিয়ারচর, চুনারুচর ও খরেদিচর গ্রামে আরও শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘরের নিচে চাপা পড়ে এবং দৌড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় অন্তত ৩০ জন আহত হন। ঝড়ের সময় খরেদিচর গ্রামের আনোয়ারা বেগম ঘরের নিচে চাপা পড়ে মারা যান। আহত ব্যক্তিদের মধ্যে আটজন ছাতক উপজেলার কৈতক পল্লি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঝড়ে গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
গতকাল শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শন করেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মহিবুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, ছাতকের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান। এ সময় উপজেলা পরিষদের পক্ষ থেকে নিহত আনোয়ারা বেগমের পরিবারকে ২০ হাজার টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও ১০ হাজার টাকা দেওয়া হয়।