ছাতকে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের নোয়ারাই এলাকায় গতকাল বুধবার দুই পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে। এলাকার একটি রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচলকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, নোয়ারাই এলাকার ভেতর দিয়ে যাতে ভারী যানবাহন চলাচল করতে না পারে, সে জন্য এলাকার প্রবেশমুখে একটি ফটক দেওয়া হয়। মঙ্গলবার রাতে কে বা কারা ফটকটি ভেঙে ফেলে। এ নিয়ে বুধবার সকালে এলাকার দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহত মুজিয়া বেগম (৫০), শামসুর রহমান (৩০), শুকুর চৌধুরী (২৬), কামাল (২৮), ফজলু (২৫), মজিদা বেগম (৪৫), হাবিবুর রহমান (৫৫), জাহেদ মিয়া (২৫), ফাতেমা বেগম (৪৫), বজলু মিয়া (৪০), সাহেদ (২৫), মছই মিয়া (৬৫), তাহের মিয়া (৭০), বিধান চন্দ্রনাথ (৪২), নূর মিয়া (৩২), ফাহিম (২১) ও রাজুকে (২২) ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।