ছাতকে সংঘর্ষে আহত স্কুলছাত্র মারা গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত হেলাল মিয়া (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে বনগাঁও গ্রামের বাছির আলীর ছেলে। হেলাল মিয়া বনগাঁও উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
গত শনিবার দুপুরে বনগাঁও গ্রামে বাছির আলী ও মাইনুদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়। রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেলাল মিয়ার মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বাছির আলী ও মাইনুদ্দিনের মধ্যে এক বছর ধরে বাড়ির পাশের রাস্তা ও জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে শনিবার গ্রামে দুই পক্ষের মধ্যে সালিস বৈঠক হয়। বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষে ১৫ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে হেলাল মিয়া মারা যায়।