ছাতকে সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত
সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থী নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার নোয়ারাই ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র জসিম উদ্দিন (১৭) মির্জাপুর গ্রামের ওয়ারিশ আলীর ছেলে। সে এবার উপজেলার হাজি রইছ আলী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে বাড়ির পাশের জমিতে ধানের খড় শুকানো নিয়ে গ্রামের লিয়াকত আলী ও ইদ্রিস আলীর লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের সুলফির (ধারালো অস্ত্র) আঘাতে ঘটনাস্থলেই লিয়াকত আলীর ভাগনে জসিম উদ্দিন মারা যায়।
সংঘর্ষে রূপতার মিয়া (৩০), জহির মিয়া (৪২), কবির হোসেন (২৮), নূর হোসেন (১৮), কপিল উদ্দিন (১৯), নাজিম উদ্দিন (২০), সোনা মিয়া (১৯), আনজব আলী (২০), আজদ আলী (২৫) আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে রূপতার মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ছাতক থানার ওসি আশেক সুজা মামুন বলেন, জসিম উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।