ছাতকে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগের নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাতক পৌর শহরে গতকাল সংঘর্ষ চলাকালে এক পক্ষ ওয়াজ মাহফিলের প্যান্ডেল ও চেয়ার ভাঙচুর করে l ছবি: প্রথম আলো
ছাতক পৌর শহরে গতকাল সংঘর্ষ চলাকালে এক পক্ষ ওয়াজ মাহফিলের প্যান্ডেল ও চেয়ার ভাঙচুর করে l ছবি: প্রথম আলো

সুনামগঞ্জে ছাতক পৌর শহরে গতকাল সোমবার দুই পক্ষের সংঘর্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত ও শতাধিক আহত হয়েছে। নিহত নেতার নাম আবদুল বাসেত ওরফে বাবুল (৪৫)। তিনি ছাতক পৌর শহরের বাগবাড়ি এলাকার আবদুল জব্বারের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটির সদস্য।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেন, ছাতক বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে গত রোববার থেকে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করে খাদেমুল ইসলাম নামের একটি সংগঠন। গত রোববার বিকেলে উপজেলার জাউয়াবাজারে শানে রিসালাত নামের আরেকটি সংগঠনের কর্মীরা একটি অনুষ্ঠানের ব্যানার টানাতে গেলে খাদেমুল ইসলামের লোকজন বাধা দেন।
শানে রিসালাতের লোকজন এ খবর ছাতকে থাকা তাঁদের সংগঠনের লোকজনকে জানান। পরে ওই সংগঠনের কর্মীরা খাদেমুল ইসলামের ওয়াজ মাহফিল করতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বেলা দুইটার দিকে ছাতক শহরে মিছিল বের করেন শানে রিসালাতের কর্মীরা। মিছিলটি যে স্থানে মাহফিল আয়োজন করা হয়, তার পাশ দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ায় ছাতক শহরজুড়ে আতঙ্ক দেখা দেয়। সংঘর্ষের সময় মাহফিলের প্যান্ডেল ও চেয়ার ভাঙচুর করা হয়।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাসের সেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়। এর মধ্যে মজলু মিয়া (৪৫), আবদুল বাসেত ওরফে বাবুল (৫০), শরীফ মিয়া (২২), আলেক মিয়া (২৫), তানভীর আহমদ (১৮), রুমন মিয়া (১৭), মেহেদী হাসান (১৮) ও আহমেদ শরীফকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মিয়া মারা যান। এ ছাড়া ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত আরও ৭০ জনকে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহত আবদুল বাসেত ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটির সদস্য বলে নিশ্চিত করেছেন ছাতক পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের নেতা আবুল কালাম চৌধুরী।
এ বিষয়ে খাদেমুল ইসলাম ও শানে রিসালাতের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ছাতক শহরের বাগবাড়ি এলাকার বাসিন্দা আশিকুল ইসলাম বলেন, সংঘর্ষে ছাতক পৌর শহরের ট্রাফিক পয়েন্ট ও তাহিরপ্লাজার সামনের সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। হাজারো মানুষ সংঘর্ষে লিপ্ত হয়। প্রথমে পুলিশ একেবারেই কম ছিল। পরে সুনামগঞ্জ থেকে র্যা ব-পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন-অর-রশীদ বলেন, বাবুলের মাথায় ইটের আঘাত ছিল। তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যায় মারা গেছেন। তিনি আরও বলেন, দুই পক্ষের হয়ে আশপাশের গ্রামের লোকজনও এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা সংঘর্ষ হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। শহরে পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।