ছাতকে সংঘর্ষে ১২ পুলিশসহ শতাধিক আহত, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলা সদরে গত রোববার রাতে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে ১২ পুলিশসহ শতাধিক মানুষ আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। পরে প্রশাসন ওই এলাকায় দুই ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌরসভা চরেরবন্দ ও ইসলামপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের দুই যুবকের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাকাটি হয়। এর জের ধরে ওই দুই গ্রামের মানুষ রাত নয়টার দিকে খেয়াঘাট এলাকায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে পুলিশ তিনটি কাঁদানে গ্যাসের শেল ও ৬৯টি ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে পুলিশ বাজারের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষকে শান্ত হতে বলে। এরপর পরিস্থিতি শান্ত না হলে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার রায় ঘটনাস্থলে গিয়ে ১৪৪ ধারা জারির ঘোষণা দেন। রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ১২ পুলিশ সদস্যসহ উভয় পক্ষে শতাধিক লোক আহত হয়। আহত পুলিশ সদস্যরা হলেন, ছাতক থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ, শফিকুল ইসলাম ও মুর্শেদ আলম, সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরিদ হোসেন, কনস্টেবল লুত্ফুর, তোয়াজ আলী, সুমন, রোকন, জুলহাস, রায়হান, নূর মিয়া ও রুহুল আমিন। আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত অন্যদের মধ্যে ১৫ জনকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল মুন্সি জানান, সংঘর্ষের ঘটনায় এসআই মুর্শেদ আলম বাদী হয়ে অজ্ঞাতনামা প্রায় ৫০০ জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।ইউএনও সুজিত কুমার রায় বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ওই এলাকায় রাতে দুই ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছিল।’