ছাতকে সেতু নির্মাণের কাজ ছয় বছর বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ ছয় বছর ধরে বন্ধ রয়েছে। অসমাপ্ত কাজ শেষ করার জন্য দুই বছর আগে ৫১ কোটি টাকার একটি নতুন প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটি আজও অনুমোদন হয়নি। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা যায়, ছাতক উপজেলার সঙ্গে দোয়ারাবাজার উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ছাতক পৌর শহরের বাজনামহল এলাকায় সুরমা নদীর ওপর ২০০৫ সালে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। একই বছরের সেপ্টেম্বর মাসে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরপর সরকারের একটি বিশেষ প্রকল্পের (গুচ্ছ) আওতায় ২০০৬ সালের জানুয়ারি মাসে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের কাজ শুরু হয়। চলে এক বছর। ২০০৭ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় সেতুর কাজ বন্ধ হয়ে যায়। পরে আর কোনো কাজ হয়নি। বাকি কাজ শেষ করার জন্য ২০১০ সালে ৫১ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়। সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ছাতকের একটি অনুষ্ঠানে এসে নির্মাণাধীন সেতু এলাকা পরিদর্শন করেন।ছাতক পৌর সদরের তিন কিলোমিটার দক্ষিণে বাজনামহল এলাকায় গিয়ে দেখা গেছে, নদীর ছাতক সদরের অংশে সেতুর তিনটি পিলার (খুঁটি) এবং ওপারে আরও দুটি পিলারের কাজ হয়েছে। এ ছাড়া কোনো কাজ হয়নি। তবে সওজের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সেতুর কাজ ৩০ শতাংশ সম্পন্ন হয়েছে। ছাতক পৌর সদরের ব্যবসায়ী মজিবুর রহমান বলেন, ছাতক থেকে সুনামগঞ্জ জেলা শহরে যেতে এখন সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা। এই সেতু হলে দোয়ারাবাজার উপজেলা হয়ে সুনামগঞ্জে এক ঘণ্টায় যাওয়া যাবে, ছাতকের সঙ্গে দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। পৌর সদরের আরেক ব্যবসায়ী জানান, ছাতক শিল্পশহর হিসেবে পরিচিত। এই সেতু নির্মাণ হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। ছাতক পৌর সদরের বাগবাড়ী এলাকার বাসিন্দা আবিদুল ইসলাম জানান, সুরমা নদীর ওপারে দুটি সিমেন্ট কারখানা রয়েছে। আপাতত একটি সিমেন্ট কারখানার ফেরি দিয়ে যানবাহন চলাচল করে। এতে ভোগান্তি পোহাতে হয়। বাজনামহল এলাকার কলেজছাত্র মারুফ আহমেদ বলেন, ‘সেতুর কাজ শুরুতে যেভাবে হয়েছিল তাতে আমরা মনে করেছিলাম যথাসময়েই কাজ শেষ হবে। কিন্তু পরে কাজ বন্ধ হয়ে যাওয়ায় হতাশ হয়েছি।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ বলেন, ‘সেতুর কাজ বিএনপির সময়ে শুরু হয়েছিল। কিন্তু সাবেক তত্ত্বাবধায়ক সরকার আসার পর হঠাৎ কাজ বন্ধ হয়ে যায়। ছাতকবাসীর জন্য সেতুটি খুবই দরকার। তাই আমরা সম্ভব সব স্থানে যোগাযোগ করেছি। কিন্তু কোনো ফল হচ্ছে না।’ এ ব্যাপারে সওজ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিন বলেন, সেতুর অসমাপ্ত কাজ শেষ করার জন্য প্রথমে অন্য একটি প্রকল্পে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেটি সম্ভব হয়নি। পরে ২০১০ সালে ৫১ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সব মিলিয়ে সেতুর কাজে ১১ কোটি টাকা ব্যয় হয়েছে। কাজ হয়েছে ৩০ শতাংশ।