ছাতকে স্কুলছাত্রী খুনের ঘটনায় আরেকজন গ্রেপ্তার
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে স্কুলছাত্রী মিলি রানী দাস (১৫) খুনের ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে জিহাবউদ্দিন ওরফে রুবেল নামে আরেক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্য মতে, খুনের কিছু আলামতও উদ্ধার করা হয়। গত ২৩ ফেব্রুয়ারি ভোরে মিলি খুন হন। দুর্বৃত্তরা গ্রামীণব্যাংক জাউয়াবাজার শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের ভাড়া করা বাড়ি তুরস্ক ভবনের বাসিন্দা ডলি তালুকদারের বাসায় হামলা করে তাঁর ভাতিজি মিলিকে বঁটি দিয়ে কুপিয়ে খুন করে। দুর্বৃত্তদের হামলায় ডলি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা হলে পুলিশ ২৪ ফেব্রুয়ারি রাতে জাউয়াবাজার এলাকা থেকে ইব্রাহিম আলী (৪০), আবুল কালাম (১৮) ও মুকুল মিয়া (২০) নামের তিনজনকে আটক করে। এর মধ্যে ইব্রাহিম আলীর দেওয়া তথ্য মতে, গতকাল সকালে জাউয়াবাজারের বেকেরগাঁও থেকে রুবেলকে আটক করা হয়। আটকের পর রুবেলের বসতঘর থেকে জানালার গ্রিল কাটার যন্ত্র ও একটি ওড়না পাওয়া গেছে। পুলিশের ধারণা, ওই ওড়নাটি মিলির। এ কারণে রুবেলসহ তিনজনকে গতকাল থেকে নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা খুনের কারণ উদঘাটন ও খুনি চিহ্নিত করার খুব কাছাকাছি চলে এসেছি। গ্রেপ্তার করা ব্যক্তিদের আদালতে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।’